Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওড়িশার বিরুদ্ধে রবসনের খেলা নিয়ে ধোঁয়াশা, শিথিল হল ফাঁকা গ্যালারিতে ম্যাচের নিষেধাজ্ঞা

কোচ সের্গিও লোবেরা বুধবার অনুশীলন শেষের বাঁশি বাজাতেই রং নিয়ে ময়দানে নেমে পড়লেন দিমিত্রিরা। সবুজ-মেরুন আবিরে রাঙা হয়ে উঠল লিস্টন, ম্যাকলারেনদের মুখ।

ওড়িশার বিরুদ্ধে রবসনের খেলা নিয়ে ধোঁয়াশা, শিথিল হল ফাঁকা গ্যালারিতে ম্যাচের নিষেধাজ্ঞা
  • ৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোচ সের্গিও লোবেরা বুধবার অনুশীলন শেষের বাঁশি বাজাতেই রং নিয়ে ময়দানে নেমে পড়লেন দিমিত্রিরা। সবুজ-মেরুন আবিরে রাঙা হয়ে উঠল লিস্টন, ম্যাকলারেনদের মুখ। তিন ম্যাচে তাঁদের সংগ্রহ ৯ পয়েন্ট। বাগানে তাই বসন্তের আমেজ। তারই মধ্যে হোলির উপহার ঘোষণা করলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। ওড়িশার বিরুদ্ধে শুক্রবারের হোম ম্যাচে সমর্থকদের দু’টি করে টিকিট বিনামূল্যে দেওয়া হবে। অথচ একটা সময় এই ম্যাচে দর্শকশূন্য গ্যালারিতে খেলার নির্দেশ দিয়েছিল ফেডারেশন। উল্লেখ্য, গত বছর আইএসএল ফাইনালে মোহন বাগান সমর্থকদের ছোড়া বাজিতে আহত হয়েছিলেন বেঙ্গালুরু এফসি কর্ণধার পার্থ জিন্দাল। তখনই ফেডারেশনের পক্ষ থেকে কড়া নির্দেশ ছিল, আগামী এক বছরের মধ্যে ফের এমন কোনও ঘটনা ঘটলে নির্বাসনের মুখে পড়তে হবে কলকাতার ক্লাবটিতে। গত ১৪ ফেব্রুয়ারি ম্যাচে সবুজ-মেরুন ভক্তদের হাতে হেনস্তা হতে হয় কেরলের সমর্থকরা। পুরো ঘটনা খতিয়ে দেখার পর কঠোর পদক্ষেপ নেয় ফেডারেশন। আর্থিক জরিমানার পাশাপাশি দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ করার নির্দেশ দেয় ফুটবল হাউস। তাতেই ক্ষোভে ফেটে পড়ে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। অবস্থা বেগতিক বুঝে সিদ্ধান্ত বদলে মাঠে আংশিক দর্শক প্রবেশের অনুমতি দেয় এআইএফএফ। মর্যাদার যুদ্ধ জয়ের খুশিতে সমর্থকদের বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দেন গোয়েঙ্কা।

Advertisement

বুধবার ওড়িশা ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল মোহন বাগান। তবে এই ম্যাচে রবসনের খেলা নিয়ে ধোঁয়াশা থাকছেই। গত ম্যাচে হ্যামস্ট্রিংয়ে সমস্যা নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। কোচ লোবেরা বলেন, ‘হাতে আরও একটা দিন রয়েছে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই রবসনকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সম্পর্কিত সংবাদ