নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে শোরগোল তুঙ্গে। প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় ‘বন্ধু’ ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ‘আমি মোদির রাজনৈতিক জীবন বরবাদ করতে চাই না।’ ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধী শিবির ইতিমধ্যেই মোদি সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত। তাদের অভিযোগ, শুল্ক আরোপ সহ বিভিন্ন চাপের মুখে আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছেন প্রধানমন্ত্রী মোদি। দেশের কৃষক-শ্রমিকদের স্বার্থ বিসর্জন দেওয়া হয়েছে। ‘নরেন্দর সারেন্ডারড’ বলে কটাক্ষ করছে কংগ্রেস। তারই মধ্যে ট্রাম্পের ওই মন্তব্য বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিতে পারে বুঝেই তড়িঘড়ি মাঠে নেমেছে বিদেশ মন্ত্রক। জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনে এবিষয়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে। এফবিআই ডিরেক্টরকে পাশে নিয়ে ওয়াশিংটনে ট্রাম্পের সাংবাদিক বৈঠকের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। শুরুতে প্রধানমন্ত্রী মোদির প্রশংসাই শোনা যায় মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠে। তিনি বলেন, ‘মোদি অসাধারণ মানুষ। তিনি ট্রাম্পকে ভালোবাসেন।’ তবে এই ‘ভালোবাসা’ শব্দটির ব্যবহার নিয়ে ট্রাম্পের ব্যাখ্যা ঘিরেই যাবতীয় বিপত্তি। হালকা মেজাজে হাসতে হাসতেই মার্কিন প্রেসিডেন্ট বলে বসেন, ‘এই শব্দটির ভিন্ন কোনো অর্থ করা ঠিক হবে না। আমি তা চাই না আপনারা এর অন্য কোনো মানে করুন। আমি তাঁর (মোদি প্রসঙ্গে) রাজনৈতিক জীবন বরবাদ করতে চাই না। আপনাদের বুঝতে হবে, বহু বছর ধরেই ভারতের উপর আমি লক্ষ রাখছি। সেখানে দীর্ঘ সময় ধরে (ক্ষমতায়) রয়েছেন আমার বন্ধু।’ বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এবিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। জবাবে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি ভিডিয়োটি দেখিনি। কিন্তু এরকম কোনো ভিডিও প্রকাশ্যে এসে থাকলে, তা সত্যি হোক বা ফেক আমরা উপযুক্ত পদক্ষেপ করব।’



