


নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রাজ্য বিজেপির মহিলা মুখ অগ্নিমিত্রা পলকে রোখার গুরু দায়িত্ব তাঁর কাঁধে দিয়েছে দল। বিধানসভায় তৃণমূল সরকারকে অস্বস্তিতে ফেলা অগ্নিমিত্রাকে বিধানসভা থেকে প্রাক্তন করতে প্রথমেই গুরুত্বপূর্ণ চাল দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। কোনো নির্বাচনে পরাজিত না হওয়া তাপস গ্রাম ও শহর দুই এলাকার কর্মীদেরই বার্তা দিলেন, কোনো ভাবেই ব্যক্তিগত আক্রগণ করা যাবে না অগ্নিমিত্রা পলকে। ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পগুলি আরও নিবিড় ভাবে মানুষের সামনে তুলে ধরা বার্তা দেন এই বিধানসভা এলাকা থেকে দু’বারের বিধায়ক তাপস।
আসানসোল দক্ষিণ আসনটি তৃণমূল কংগ্রেসের কাছে পাখির চোখ। এই আসন থেকে জয়লাভ করেই বিধায়ক হয়েছেন রাজ্য বিজেপির সহ সভাপতি অগ্নিমিত্রা পল। তাঁকে হারাতে এই এলাকাকে হাতের তালুর মতো চেনা তাপস বন্দ্যোপাধ্যায়কে রানিগঞ্জ থেকে সরিয়ে আসানসোল দক্ষিণের প্রার্থী করা হয়েছে। তারপরই থেকেই কঠিন চ্যালেঞ্জ পূরণে নিজের স্টাইলে কাজ শুরু করেছেন প্রাক্তন এডিডিএ চেয়ারম্যান। বুধবার রাতে বার্নপুরে শহরের কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেন প্রার্থী। সেখানে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি সহ দলের শাখা সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারা। ক্ষোভ, অভিমান মিটিয়ে দলকে জেতাতে এক হয়ে কাজ করার বার্তা দেওয়া হয়। সেখানেও তাপসবাবু দলীয় নেতাকর্মীদের বার্তা দেন, ব্যক্তিগত আক্রমণ করা চলবে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলিকে মানুষের সামনে তুলে ধরব। আমাদের সরকারের আমলে যা কাজ হয়েছে তা তুলে ধরতে হবে। বৃহস্পতিবার রানিগঞ্জ ব্লকের কর্মীদের নিয়ে নারায়ণকুড়িতে কর্মী সম্মেলন করেন প্রার্থী। সেখানেও তিনি বলেন, অগ্নিমিত্রাকে ব্যক্তিগত আক্রমণ করা চলবে না। পাশাপাশি তিনি বলেন, আমরা কেউ স্বামীজির মতো ব্যক্তিত্ব নই যে সব জায়গা গিয়ে প্রচার করতে হবে। নিজের নিজের বুথে নিজের নিজের এলাকায় দলকে লিড দিতে কাজ করুন। তাহলে আমাদের জয় নিশ্চিত। এই লড়াই আমার একার নয়, আমাদের সবার।
কেন তাপসের এই রণকৌশল? রাজনৈতিক মহলের ব্যাখ্যা, অগ্নিমিত্রার দুর্বলতা হল, এলাকায় তাঁকে দীর্ঘদিন দেখা যায়নি। ভোটের সময়ে তিনি যখন এলাকায় যাচ্ছেন কখনও তাঁর প্রচারে বাধা দিয়ে কখনও তাঁকে ব্যক্তিগত আক্রমণ করে তাঁকেই কার্যত প্রচারের আলোয় এনেছেন তৃণমূল নেতারা। প্রথমেই সেই ছক ভেস্তে দিতে চাইলেন তাপস। দ্বিতীয়ত, অগ্নিমিত্রা অপরাজেয় নন। তিনি ২০২২ সালের আসানসোল লোকসভা উপনির্বাচনে ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে পরাজিত হয়েছেন। তাই তাঁকে প্রচারে বাড়তি গুরুত্ব না দিয়ে শাসকদলের প্রকল্পের ভরসাতেই ভোট বৈতরণী পার করার রণকৌশল সাজাচ্ছেন তাপস।
এই প্রসঙ্গে তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, ব্যক্তিগত আক্রমণ মানুষ পছন্দ করে না। যাঁকে ব্যক্তিগত আক্রমণ করা হয়, তাঁকেই বাড়তি গুরুত্ব দেওয়া হয়। আমাদের সরকার এত কাজ করছে। তা মানুষের সামনে তুলে ধরলেই যথেষ্ট। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বলেন, আমাদের দল ব্যক্তি আক্রমণ শেখায় না। তাই আমিও তাপসবাবুকে শ্রদ্ধা করি। কিন্তু আমার প্রশ্ন, যখন আমি বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে ব্যক্তি আক্রমণের শিকার হয়েছি উনি তো প্রতিবাদ করেননি। উনি যে দলের প্রতিনিধি তাঁরা তো ব্যক্তি আক্রমণেই বিশ্বাসী। তা প্রধানমন্ত্রী হোন বা মুখ্য নির্বাচন কমিশনার।