ওয়াশিংটন: রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে আমেরিকা। তা সত্ত্বেও হামলা চালিয়ে যাচ্ছে মস্কো। সম্প্রতি বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প স্বয়ং। বলেছেন, ‘পুতিন প্রচুর মানুষকে অবাক করেছেন। তিনি মিষ্টি মিষ্টি কথা বলেন। তারপর সন্ধ্যাবেলায় সবাইকে বোমা মারেন।’ তাই এবার আত্মরক্ষার জন্য ইউক্রেনকে ‘প্যাট্রিয়ট’ এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহের সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। সোমবার এবিষয়ে কথা বলতে কিয়েভে পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগ। রবিবার ট্রাম্প জানান, ‘ইউক্রেনকে আমরা প্যাট্রিয়ট পাঠাব। এটা ওদের খুব দরকার। সংখ্যা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ওরা কয়েকটা পাবে। সুরক্ষা নিশ্চিত করতে এটা প্রয়োজন।’ সমরাস্ত্রে যে কোনও ছাড় মিলবে না সেটাও স্পষ্ট করে দেন ট্রাম্প। জানান, ‘আমরা ওদের একাধিক অত্যাধুনিক সমরাস্ত্র দেব। তার জন্য ১০০ শতাংশ মূল্য দিতে হবে। এটা আমাদের কাছে ব্যবসা।’



