Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাক্তন আইপিএস কর্তার কার্ড থেকে টাকা তুলে ধৃত পরিচারক-পরিচারিকা

অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের এটিএম কার্ড থেকে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগে পরিচারক-পরিচারিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন।

প্রাক্তন আইপিএস কর্তার কার্ড থেকে টাকা তুলে ধৃত পরিচারক-পরিচারিকা
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের এটিএম কার্ড থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল। শুধু তাই নয়, জিনিস কেনাকেটা করার পর ইউপিআই মাধ্যমে তাঁরই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করার অভিযোগও উঠেছিল। এই দুই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হল তাঁর পরিচারক-পরিচারিকা। মঞ্জুরা সর্দার ও রবীন্দ্রনাথ নামে দুই অভিযুক্তকে শনিবার দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেপ্তার করেছে সার্ভে পার্ক থানা। তাদের বিরুদ্ধে ব্যাংক থেকে মোট ৩ লক্ষ ৭৫ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত ওই আইপিএস ও তাঁর স্ত্রী সার্ভে পার্ক এলাকার একটি বহুতলে থাকেন। তাঁদের দেখভালের পাশাপাশি বাড়ির কাজকর্ম করত মঞ্জুরা ও রবীন্দ্রনাথ। তারা সারাক্ষণই ওই বাড়িতে থাকত। অনেকদিন ধরেই তারা এই বাড়িতে কাজ করছিল। প্রাক্তন ওই পুলিশ কর্তা বয়স্ক। তাই তিনি তাদের এটিএম থেকে টাকা তুলে আনতে বলতেন। তারা পিন জানত। প্রথমদিকে তারা ঠিকমতো টাকা তুলে বিশ্বাসযোগ্যতা অর্জনের পর এক সময় ধীরে ধীরে এটিএম কার্ড ব্যবহার করে টাকা সরাতে শুরু করে। প্রথমে বিষয়টি পারেননি গৃহকর্তা। ফোনে টাকা তোলার এসএমএস এলেও হয়তো খেয়াল করেননি। এই সুযোগে পরিচারক-পরিচারিকা তাঁর অ্যাকাউন্ট নম্বর জেনে ওই নম্বর দিয়ে একটি ইউপিআই অ্যাকাউন্ট খোলে। তারপর নানা সামগ্রী কেনাকেটা করে ইউপিআই মারফত পেমেন্ট করতে থাকে। কিন্তু বারবার কেনাকেটা সংক্রান্ত এসএমএস আসায় প্রাক্তন ওই পুলিশ কর্তা বুঝতে পারেন, মঞ্জুরা ও রবীন্দ্রনাথ এই কাজ করছে। বিভিন্ন সময় তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা উঠে যাচ্ছে। সব মিলিয়ে পৌঁনে চার লক্ষ টাকা উঠেছে তাঁর অ্যাকাউন্ট থেকে। তার ভিত্তিতে প্রাক্তন ওই আইপিএস সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ করেন। কেস রুজু করে পুলিশ খোঁজখবর শুরু করে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রবীন্দ্রনাথ ও মঞ্জুরা এই ঘটনায় জড়িত। তারা বিভিন্ন সময়ে যে ইউপিআই পেমেন্ট করেছে, তার নথি জোগাড় করে পুলিশ। জানা যায়, দু’জনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। এরপর শনিবার বাড়িতে হানা দিয়ে দু’জনকে গ্রেপ্তার করে সার্ভে পার্ক থানা। ধৃতদের জেরা করে টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ