সংবাদদাতা, কল্যাণী: দীর্ঘদিন ধরেই পুলিসের কাছে অভিযোগ আসছিল, মৃতদেহ ময়নাতদন্তের পর পরিজনদের কাছ থেকে বেআইনিভাবে টাকা চাইছে ডোমেরা। ঘটনাটি কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের পুলিস মর্গের। সোমবার মৃতের পরিজনদের থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে রঞ্জিত মল্লিক নামের ওই ডোমকে। অভিযোগ, মৃতদেহ মর্গে নিয়ে আসা হলেই চাওয়া হচ্ছে টাকা। মৃতের পরিবারের সদস্যরা থাকেন চাকদহে। তাঁদের ১৭ বছরের ছেলে মারা যাওয়ার পর কল্যাণী পুলিস মর্গে দেহটি আনা হয় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত করার পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার সময় ওই ডোম পাঁচ হাজার টাকা দাবি করেন। এমনকী, এও বলা হয়েছে যে, টাকা না দিলে মৃতদেহ ছাড়া হবে না। এই ঘটনার পর ওই পরিবার কল্যাণী থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অতীতেও এই ডোমদের বিরুদ্ধে মৃতের পরিবারকে চাপ দিয়ে টাকা নেওয়ার প্রচুর অভিযোগ রয়েছে। এদিন অভিযোগ পাওয়ার পর পুলিস তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করে। টাকা তোলা নিয়ে আগেও পুলিস ডোমদের বহুবার সাবধান করেছিল। কিন্তু তাতেও কাজ না হওয়ায় এদিন গ্রেপ্তার করা হয়। কল্যাণী থানার পুলিস এই ঘটনার তদন্ত শুরু করেছে।



