মুম্বই, ৩ ফেব্রুয়ারি: বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে ঝাড়খণ্ডের দেওঘরে বাবা বৈদ্যনাথের মন্দিরে পুজো দিতে গেলেন নবাব কন্যা তথা অভিনেত্রী সারা আলি খান। জানা যাচ্ছে, বান্ধবী বৈসোহাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। আজ, সোমবার মন্দিরে পুজো দেওয়া এবং বিগ্রহ দর্শনের ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গেও শেয়ার করেছেন তিনি। যা দেখে সোশ্যাল মিডিয়ায় কমেন্টের ঝড়। যার মধ্যে রয়েছে নেগেটিভ-পজেটিভ দু’রকমই বক্তব্যই। সারার ঈশ্বর ভক্তি, পুজো অর্চনা, মন্দির দর্শন নিয়ে বরাবরই উৎসাহী। এরজন্য একাধিকবার নিন্দুকদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে সইফ কন্যাকে। তবে সোশ্যালে নেতিবাচক কমেন্ট দেখেও চিরকাল ডোন্টকেয়ার ভাবই দেখিয়েছেন তিনি। কখনই নিন্দুকদের অর্থহীন বক্তব্যের পরোয়া করেননি। বরং বারবারই নিজের মনের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। চলতি বছরের গোড়ার দিকেই অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দিরেও পুজো দিতে গিয়েছিলেন সারা।



