• ভূত মানেই কি ভয়? একেবারেই নয়। সেটাই প্রমাণ করে সাত বছরের জিলিপি। বাড়ির ‘বড়ো ঠাকরুন’ সে। এই মিষ্টি ভূতের দেখা পাবেন ‘ভূত গিন্নি জিলিপিলতা: ফ্রম ১৯৪২’ ধারাবাহিকে। মজায় ভরা ভৌতিক কল্পকাহিনির ধারাবাহিকটি শুরু হচ্ছে আগামী ২৩ নভেম্বর থেকে। সোনি আট ও সোনি লিভে দেখা যাবে এই সিরিয়াল। আশি বছর পর ফিরে এসে ফের পরিবারের দায়িত্ব নিতে প্রস্তুত সে। তার দুষ্টুমি আর একেবারে নিজস্ব কায়দায় সকলকে শাসনে রাখার কৌশল গোটা বাড়িকেই ওলটপালট করে দিতে চলেছে। ভুতুড়ে চমক আর মজার দুষ্টুমি থেকে শুরু করে অপ্রত্যাশিত মোড় এবং মন ছুঁয়ে যাওয়া আবেগঘন মুহূর্ত— জিলিপির আগমন নিয়ে আসবে হাসি, নাটকীয়তা, এক চিমটি দুষ্টুমি আর একরাশ ভালোবাসায় ভরা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। ধারাবাহিকের লেখিকা সাহানা দত্ত বলেন, ‘জিলিপির বয়স সাত বছর, কিন্তু তার নিজের ধারণা, বাড়ির অবিসংবাদিত বড়ো ঠাকরুন সে-ই! পরিবারের গিন্নি হিসেবে সবার দেখভাল করা তারই কর্তব্য বলে সে মনেপ্রাণে বিশ্বাস করে।’ মিসিং স্ক্রিউ মনোরঞ্জন প্রাইভেট লিমিটেড-এর প্রযোজনায় তৈরি এই ধারাবাহিকে জিলিপির ভূমিকায় শ্রীজয়ী। পাশাপাশি রয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক (চন্দ্রমোহন), ভাস্কর বন্দ্যোপাধ্যায় (ক্ষীরমোহন) এবং সুভদ্রা মুখোপাধ্যায় (অবনী)।



