নয়াদিল্লি: এক দশকেরও বেশি সময় ধরে জারি বিতর্ক। আগেও বারবার চিকিৎসকদের জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করার কথা বলা হয়েছে। আবার সেই বিষয়ের উপর জোর দিল দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কোনও ব্র্যান্ডেড ওষুধ নয়। প্রেসক্রিপশনে শুধুমাত্র জেনেরিক ওষুধই লিখতে হবে চিকিৎসকদের। আর তা গোটা দেশেই কার্যকর হওয়া উচিত।
ব্যবসা বাড়াতে একাধিক অনৈতিক পদ্ধতি অবলম্বন করে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি। অভিযোগ সংশ্লিষ্ট সংস্থাগুলি ডাক্তারদের ঘুষ দেয়, যাতে তাঁরা রোগীদের নির্দিষ্ট একটি ব্র্যান্ডের ওষুধ প্রেসক্রাইব করেন। আর তা রুখতেই সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আবেদনে জানানো হয়, এতে আমজনতার খরচ বাড়ার পাশাপাশি অতিরিক্ত ওষুধ প্রেসক্রাইব করার প্রবণতাও বাড়ছে। বৃহস্পতিবার শুনানি চলাকালীন বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানায়, ‘চিকিৎসকদের শুধুমাত্র জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করা উচিত। রাজস্থানে ইতিমধ্যেই এসংক্রান্ত একটি নির্দেশিকা আছে। গোটা দেশেও ডাক্তারদের এই বিষয়টি মেনে চলা উচিত।’ জুলাইয়ে এই মামলার পরবর্তী শুনানি।