নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজওয়ানুর রহমানের মৃতদেহ যিনি ময়নাতদন্ত (পিএম) করেছিলেন, সেই ডাক্তার মারা যাওয়ায় তাঁকে মামলার সাক্ষীর তালিকা থেকে বাদ দেওয়া হল। বৃহস্পতিবার কলকাতার বিচারভবনে ছিল এই মামলার শুনানি। মামলাটি আদালতে উঠলে সিবিআইয়ের তরফে এই বিষয়ে বিচারকের কাছে দৃষ্টি আকর্ষণ হয়। তাঁর সাক্ষ্য‑গ্রহণের জন্য সমনও জারি করা হয়েছিল। পরে তিনি গরহাজির থাকলে সিবিআই খোঁজখবর নিয়ে জানতে পারে, ওই চিকিৎসক মারা গিয়েছেন। মামলার এই গুরুত্বপূর্ণ সাক্ষী মারা যাওয়ার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তরফে আদালতে সুনির্দিষ্ট নথি জমা পড়ার পরই তাঁকে সাক্ষীর তালিকা থেকে বাদ দিয়ে বৃহস্পতিবার অন্য সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। পরবর্তী শুনানির দিন ধার্য হয় ১৩ মে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালে ২১ সেপ্টেম্বর পাতিপুকুর রেল স্টেশনের কাছে রিজওয়ানুর রহমানের মৃতদেহ পাওয়া গিয়েছিল। সেই মামলায় ইতিমধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষী তাঁরা আদালতে সাক্ষ্য দিয়েছেন। সেই তালিকায় ছিলেন মৃত ওই যুবকের মা, তাঁর বিধায়ক দাদা, শিল্পপতিকন্যা প্রিয়াঙ্কা টোডি, রেলের চালক, গার্ড, প্রভৃতি। এক অভিযুক্তের কৌঁসুলি অমিত ভট্টাচার্য জানান, এই মামলায় মোট ৫৪ জনের সাক্ষ্য শেষ হল।



