নিজস্ব প্রতিনিধি, বারাসত: পাথরভর্তি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক হোমিওপ্যাথি চিকিৎসকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে শাসন থানার রাজারহাট-খড়িবাড়ি রোডের বাঁকের মোড় এলাকায়। মৃতের নাম ইছা নবি মণ্ডল (৫০)। চালকের গ্রেপ্তারের দাবিতে রাজারহাট-খড়িবাড়ি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। ট্রাকটিকে আটকের পাশাপাশি চালক ইনশান শেখকে (২৬) গ্রেপ্তার করেছে শাসন থানার পুলিস। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ইছা নবির বাড়ি খড়িবাড়ি। অন্যদিনের মতো এদিনও তিনি প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন। তখন বেলিয়াঘাটার দিক থেকে রাজারহাটে আসছিল ১৬ চাকার পাথরভর্তি ট্রাক। বাঁকের মোড়ে সেটি চিকিৎসককে ধাক্কা মারে। চিকিৎসকের দেহের কিছু অংশ ট্রাকের চাকায় জড়িয়ে যায়। সেই অবস্থাতেই ট্রাক নিয়ে রাজারহাটের দিকে চম্পট দেয় চালক। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে চলে আসেন মৃতের পরিবার ও স্থানীয়রা। উত্তেজিত হয়ে পড়েন তাঁরা। সেই সময় ওই রাস্তায় একটি মাটির গাড়ি দাঁড়িয়েছিল। স্থানীয়দের ধারণা হয়, মাটির গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয়েছে চিকিৎসকের। এরপরেই তাঁরা মাটির গাড়িতে ভাঙচুর চালায়। পরে ভুল বুঝতে পেরে ট্রাক চালকের গ্রেপ্তারের দাবিতে চলে বিক্ষোভ, অবরোধ। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন দেগঙ্গার এসডিপিও উৎপল পুরকাইত ও শাসন থানার আইসি আসিফ সানির নেতৃত্বে বিশাল পুলিস। স্থানীয়রা পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখান। ঘণ্টা দু’য়েক ধরে বিক্ষোভ, অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় ব্যস্ত রাস্তায়।



