নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর সহ বিভিন্ন পুরসভায় এবার সামাজিক কাজে যুক্ত করা হচ্ছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র-ছাত্রীদের। এজন্য একটি ইন্টার্নশিপ কোর্স চালু হচ্ছে। ছাত্রছাত্রীরা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি সম্পর্কে মানুষকে সচেতন করবেন। এজন্য পুরসভার পক্ষ থেকে এক মাসের ওই ইন্টার্নশিপ কোর্স শেষের পরে সার্টিফিকেট দেওয়া হবে। এজন্য ৫০ নম্বরও বরাদ্দ করা হয়েছে। অংশগ্রহণকারী পড়ুয়াদের নম্বর দেবে সুরেন্দ্রনাথ কলেজ কর্তৃপক্ষ। শীঘ্রই এই ইন্টার্নশিপ চালু হচ্ছে। গ্র্যাজুয়েশনের ফোর্থ সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা এই ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
Advertisement
এ ব্যাপারে সোমবার বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস, চেয়ারম্যান পরিষদের সদস্য নওশাদ আলম এবং রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ মনোজিৎ রায় এক বৈঠক করেন। বৈঠকের পরে অধ্যক্ষ বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক কাজ সম্পর্কে সম্যক ধারণা গড়ে তুলতেই এই ইন্টার্নশিপ চালু করা হচ্ছে। বারাকপুর এবং টিটাগড় পুরসভা এই ইন্টার্নশিপ কোর্স শুরু হবে। ছাত্র-ছাত্রীরা এজন্য নম্বরও পাবেন। এর ফলে ভবিষ্যতে তাঁদের কাজের ক্ষেত্রে খুবই সুবিধা হবে।



