সংবাদদাতা, বারুইপুর: ডায়মন্ডহারবার ফৌজদারি আদালতে পর্যাপ্ত বিচারক নেই। নেই পকসো আদালত। প্রতিবাদে বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিলেন ফৌজদারি আদালতের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। এর ফলে সমস্যার মধ্যে পড়েছেন বিচারপ্রার্থীদের পরিবার পরিজন। এই প্রসঙ্গে সম্পাদক কৃতবাস মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে ডায়মন্ডহারবার আদালতে দুটি জি এম কোর্ট নেই। পকসো আদালতও নেই। আদালত ভবনের সিঁড়ি ভেঙে পড়ে যাচ্ছে। বারংবার জেলাস্তরে জানানো হলেও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। যতদিন না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে, ততদিন আন্দোলন চলবে।



