নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেলুড় শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির সহায়তায় রবিবার ডোমজুড়ের কোলড়া-২ গ্রাম পঞ্চায়েতে শুরু হল বহির্বিভাগ চিকিৎসা পরিষেবা। নিউ কোলড়া বারোয়ারি কমিটি প্রাঙ্গণে শুরু হওয়া এই বহির্বিভাগে এখন থেকে মেডিসিন বিভাগের চিকিৎসকরা বসবেন। পরে প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদেরও নিয়ে আসা হবে। প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত রোগীরা আউটডোর পরিষেবা পাবেন এই কেন্দ্রটি থেকে। এছাড়া রক্ত, মল, মূত্র পরীক্ষার পাশাপাশি স্বল্পমূল্যে সাধারণ ওষুধও পাওয়া যাবে। এমন পরিষেবা চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।



