Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দমদমে বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে লুটের ঘটনায় যুক্ত ট্যাংরার গ্যাং

দমদমে বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে লুটের ঘটনায় যুক্ত ট্যাংরার গ্যাং
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: দমদমে বৃদ্ধার গলায় ছুরি ধরে সোনা ও নগদ টাকা লুটের ঘটনায় সোমবার রাতে কলকাতা থেকে এক দুষ্কৃতীকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতের নাম রবিউল গাজি ওরফে ন্যাক্রো। তার বাড়ি ট্যাংরা এলাকায়। পুলিস জেনেছে, দমদমে ডাকাতির ঘটনায় ট্যাংরার দুষ্কৃতী চক্র জড়িত। সেই চক্রের অন্যতম পান্ডা রবিউল। ধৃতকে জেরা করে চক্রের বাকি সদস্যদের খোঁজে পুলিস তল্লাশি চালাচ্ছে। স্থানীয় সোর্স মারফত এই চক্র বৃদ্ধ দম্পতির বাড়ির সন্ধান পায়। সেই সোর্সকে খুঁজছে পুলিস।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে সাতজনের একটি দুষ্কৃতী দল দমদম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর মজুমদারের বাড়িতে হানা দিয়েছিল। একতলার একটি ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকেছিল তারা। দোতলায় উঠেছিল তিনজন। পক্ষাঘাতে আক্রান্ত শঙ্করবাবুর সামনে তাঁর স্ত্রী পুতুলদেবীর গলায় ছুরি ধরে। এরপর আলমারির লকার ভেঙে সোনার গয়না ও নগদ টাকা লুট করে। এমনকী, যাওয়ার আগে তারা বৃদ্ধা পুতুলদেবীর গায়ের গয়নাও খুলে নিয়ে যায়। এই ঘটনার পাঁচদিনের মাথায় পুলিস দুষ্কৃতীদের ব্যবহার করা স্কুটার ও বাইকের মালিক মনি মোল্লা ও বিবেক রায়কে গ্রেপ্তার করে। সোমবার রাতে রবিউলকে গ্রেপ্তার করে। পুলিস জেনেছে, ট্যাংরার এই গ্যাং বিভিন্ন জায়গায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত। এই গ্যাংকে ওই বাড়ির খবর স্থানীয় কেউ দিয়েছিল। তা নাহলে ট্যাংরা থেকে তারা এই বাড়ির খোঁজ পেত না। শুধু তাই নয়, আধঘণ্টার মধ্যে অপারেশন শেষ করে দ্রুত চলেও গিয়েছিল তারা। পুলিস রবিউলকে জেরা করে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ