Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দিলীপকে সভাপতি চেয়ে সোচ্চার বিজেপির একাংশ

দিলীপকে সভাপতি চেয়ে সোচ্চার বিজেপির একাংশ
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ‘দিলীপ ঘোষকেই চাই’— দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হচ্ছেন বিজেপির নেতাকর্মীদের একাংশ। এতে যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে বিজেপির জেলা নেতৃত্ব। জানা গিয়েছে, ইতিমধ্যেই জেলায় সাংগঠনিকস্তরে বিজেপির রদবদল শুরু হয়েছে। নেতৃত্বের বেশকিছু সিদ্ধান্তে খুশি নয় দলের একাংশ। তাই রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষকে চেয়ে সোচ্চার হয়েছে তারা। তাদের যুক্তি, দিলীপবাবুর আমলেই সবচেয়ে ভালো ফল করেছে বিজেপি। দিলীপবাবুকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পরেই গোষ্ঠী কোন্দল বেড়েছে। 
Advertisement
দিলীপবাবু বলেছেন, যে কোনও কারণেই হোক গত তিন বছর ধরে পার্টির রেজাল্ট ভালো হয়নি। যে জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম, সেই জায়গা ধরে রাখতে পারেনি নির্বাচনে। আমার সময়ে রেজাল্ট হয়েছে, তো লোকে ভেবেছে আমিই করেছি। আস্থা রয়েছে বলে মানুষ বলছেন। ভারতীয় জনতা পার্টিতে নেতার অভাব নেই। 
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকেই জেলাজুড়ে দিলীপবাবুর প্রভাব বাড়তে শুরু করে। জেলার বিভিন্ন প্রান্তে দিলীপ ঘোষকে সামনে রেখেই সংগঠনের ভিত মজবুত হয়। সেই সময়ে তৃণমূলের বহু বিক্ষুব্ধ নেতাকর্মীর বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। প্রায় দু’ বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়ে সংগঠনকে মজবুত করেছিলেন দিলীপবাবু। তার ফল হাতেনাতে পেয়েছিল বিজেপি। পশ্চিম মেদিনীপুর সহ বেশিরভাগ জেলায় ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে ভালো ফল করেছিল গেরুয়া শিবির। পরে ২০১৯ সালের লোকসভা ভোটেও বিভিন্ন কেন্দ্রে পদ্মফুল ফুটেছিল। কিন্তু ২০২১ সালের বিধানসভা ভোটে রাজ্যজুড়ে ভরাডুবির পর দলেরই একাংশ সোচ্চার হয়েছিল দিলীপবাবুর বিরুদ্ধে। কিন্তু রাজ্য সভাপতির পরিবর্তন করার পরেও ফলাফলে কোনও প্রভাব পড়েনি। বরং দলের রেজাল্ট আরও খারাপ হয়েছে বলে মানছে বিজেপির নেতাকর্মীরা। বিজেপির এক নেতার কথায়, একের পর এক ভুল সিদ্ধান্তের জেরেই সমস্যায় পড়তে হয়েছে। দলে আদি নেতাদের ভূমিকাও সঠিক ছিল না। দলে গোষ্ঠীকোন্দল চরমে ওঠে। যা নিচুতলার কর্মী থেকে সাধারণ মানুষ ভালো চোখে দেখেনি। 
জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, আমাদের দলের সিদ্ধান্ত নিয়ম মেনে হয়। সাংগঠনিক কাঠামো মেনে দল যাকে রাজ্য সভাপতি হিসেবে বেছে নেবে, তিনিই পদে বসবেন। 
তবে এইটুকু বলতে পারি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। কোনও শক্তি আমাদের হারাতে পারবে না। এনিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, ওটা বিজেপির আভ্যন্তরীন ব্যাপার। তবে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলাকে বঞ্চনা করেছে, তার জবাব পেতেই হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ