Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন সুরজ, রকি

দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন সুরজ, রকি
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়ার কৃষক পরিবারের দুই সন্তান এবার দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন। বাঁকুড়া সম্মিলনী কলেজের ছাত্র রকি দলুই এনএসএস ও সুরজ বাউরি এনসিসি-র হয়ে দিল্লিতে এরাজ্যের প্রতিনিধিত্ব করবেন। ওই কলেজ থেকে গতবারও দুই বিভাগে দু’জন ছাত্র ২৬ জানুয়ারির ঐতিহ্যবাহী প্যারেডে যোগ দিতে দিল্লি পাড়ি দিয়েছিলেন। পরপর দু’বছর কোনও কলেজ থেকে চারজনের দিল্লি যাত্রা বাঁকুড়া জেলার ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করবে বলে কলেজ কর্তৃপক্ষ মনে করছে। শুধু তাই নয়, সম্প্রতি এই কলেজের ১০ জন ছাত্র কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে চাকরিও পেয়েছেন।
Advertisement
ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন মুখোপাধ্যায় বলেন, রকি আমাদের কলেজে পুষ্টিবিদ্যায় অনার্স নিয়ে পঞ্চম সেমেস্টারে পড়ছে। সুরজ পাশ কোর্সের তৃতীয় সেমেস্টারে পড়াশোনা করে। পঠনপাঠনের পাশাপাশি দু’জনে এনসিসি ও এনএসএসের সঙ্গে কলেজ জীবনের শুরু থেকেই যুক্ত রয়েছে। ওই দুই বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক সুরজিৎ মজুমদার ও হরিপদ হেমব্রমের তত্ত্বাবধানে অন্যান্যদের সঙ্গে রকি ও সুরজ সারাবছর প্রশিক্ষণ নেয়। তারা দু’জনে এবারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য ডাক পেয়েছে। ইতিমধ্যেই দু’জনে দিল্লি চলে গিয়েছে। ২৬ জানুয়ারির আগে ও পরে অন্যান্য কয়েকটি প্রথাগত অনুষ্ঠানেও দু’জনে অংশ নেবে। 
স্বপনবাবু আরও বলেন, গতবারেও দুই বিভাগ থেকে আমাদের কলেজের দু’জন ছাত্র দিল্লির প্যারেডে অংশ নেওয়ার জন্য ডাক পেয়েছিল। ২০১৪ সাল থেকে এনএসএসে এনিয়ে মোট আট বার কলেজের ছাত্ররা ওই সুযোগ পেল। এনসিসি ও এনএসএসের সাফল্যের জন্য ন্যাকের মূল্যায়নে আমরা গতবার ‘বি প্লাস প্লাস’ গ্রেড পেয়েছি। গত ডিসেম্বরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে আমাদের কলেজের ১০ জন ছাত্র চাকরি পেয়েছে। 
পাত্রসায়রের বাসিন্দা রকি গরিব পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর বাবা মথুরা দলুই চাষবাস করেন। আর্থিক কষ্ট সত্ত্বেও মথুরাবাবু ছেলেকে বাঁকুড়া শহরের মেসে রেখে পড়াশোনা করাচ্ছেন। বাঁকুড়া-১ ব্লকের আন্দারথোল গ্রামের বাসিন্দা সুরজও আর্থিক প্রতিবন্ধকতাকে জয় করে কলেজে পড়ছেন। তাঁর পরিবারের সদস্যরাও চাষবাস ও দিনমজুরি করে সংসার চালান। তিনি অবশ্য বাড়ি থেকে যাতায়াত করেই পড়াশোনা করেন। ওই দুই ছাত্র বলেন, আমাদের সিনিয়র দাদারা এনএসএস ও এনসিসি করে চাকরি পেয়েছেন। ভবিষ্যতে চাকরির ইন্টারভিউয়ে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমাদের অনেকটাই এগিয়ে রাখবে। তাছাড়া দিল্লির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে লাভ করা শংসাপত্রগুলিও অনেক কাজে লাগবে। এরাজ্যের পাশাপাশি অসমের গুয়াহাটিতে আয়োজিত শিবিরে নজর কাড়ার ফলেই আমরা পূর্ব ভারত থেকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি।
(বাঁদিকে) সুরজ বাউরি। (ডানদিকে) রবি দোলুই। নিজস্ব চিত্র
         
Advertisement
সম্পর্কিত সংবাদ