Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লিতে ‘পাঞ্জাব সরকার’ স্টিকার সাঁটা গাড়িতে মিলল নগদ, আপের পুস্তিকা

দিল্লিতে ‘পাঞ্জাব সরকার’ স্টিকার সাঁটা গাড়িতে মিলল নগদ, আপের পুস্তিকা
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: দিল্লির বিধানসভা ভোটের আর এক সপ্তাহও দেরি নেই। এই অবস্থায় ‘পাঞ্জাব সরকার’ স্টিকার সাঁটা একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিস। গাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ, মদ এবং আম আদমি পার্টির প্রচার পুস্তিকা। বুধবার গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে পুলিসের ফ্লাইং স্কোয়াড। বিজেপির অভিযোগ, দিল্লির ভোটারদের প্রভাবিত করতেই আপ শাসিত পাঞ্জাব থেকে এই নগদ ও জিনিসগুলি আনা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালকে বাঁচাতে সহায়তায় নেমেছে পাঞ্জাব সরকার। ভগবন্ত মানের সরকার অবশ্য পত্রপাঠ সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। পাঞ্জাব সরকারের সাফ কথা, নাম্বার প্লেটে জালিয়াতি করা হয়েছে। যে গাড়িটিকে ধাওয়া করা হয়েছে, তা পাঞ্জাব সরকারের নয়। আর আম আদামি পার্টির পক্ষে জানানো হয়েছে, ‘পুরো ধাপ্পা। নিম্নমানের নাটক। সম্পূর্ণ মিথ্যাচার।’ দিল্লি পুলিসের পক্ষ থেকে তিলক মার্গ থানায় মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে আইনি প্রক্রিয়া। বিষয়টি নিয়ে আম আদমি পার্টি এবং দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দিল্লি বিজেপির প্রেসিডেন্ট বীরেন্দ্র সচদেব বলেন, ‘এতদিন আমরা ভাবতাম দিল্লি সরকারে দুর্নীতি, যমুনা নদীর জল এবং বাতাসকে দূষিত করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এখন আমরা বুঝতে পারছি দিল্লির রাজনীতিকেও কলুষিত করেছেন তিনি।’ পাঞ্জাব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজেয়াপ্ত গাড়ির নাম্বারটি তিন বছর আগে পাঠানকোটের আর্মি ডেন্টাল কলেজে কর্মরত এক ব্যক্তির নামে রেজিস্ট্রি করা হয়। তিনি মহারাষ্ট্রের কাদকির স্থায়ী বাসিন্দা। তাছাড়া যে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে আর যে গাড়িতে নাম্বারটি লাগানো হয়েছিল, তা এক নয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ