Bartaman Logo
১১ জুলাই, ২০২৬

দিল্লির ভোটে এবার বড় ইস্যু নমামি গঙ্গে

দিল্লির ভোটে এবার বড় ইস্যু নমামি গঙ্গে
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নমামি গঙ্গের আওতায় নিকাশি পরিকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এগিয়ে দিল্লি। ইতিমধ্যেই প্রায় পুরো কাজ শেষ করে ফেলেছে সরকার। যেখানে অন্যান্য রাজ্য অনেক পিছিয়ে। আসন্ন বিধানসভা ভোটের প্রচারে এই সাফল্য আম আদমি পার্টির (আপ) অন্যতম অস্ত্র হতে পারে বলে মনে করা হচ্ছে।
Advertisement
এই মুহূর্তে দেশের ১০টি রাজ্যে নমামি গঙ্গের আওতায় নিকাশি পরিকাঠামোর উন্নয়নে ২০৩টি প্রকল্প ছাড়পত্র পেয়েছে। সবমিলিয়ে খরচ ধরা হয়েছে ৩২ হাজার ৬১৩ কোটি ২০ লক্ষ টাকা। এই ২০৩টির মধ্যে বাস্তবায়িত হয়েছে ১২৭টি প্রকল্প। অর্থাৎ, এখনও প্রায় ৩৮ শতাংশ প্রকল্প রূপায়িত হওয়া বাকি রয়েছে।
যেখানে দিল্লির সাফল্য নজরকাড়া। ন’টির মধ্যে আটটির কাজ শেষ করে ফেলেছে তারা। বাকি রাজ্যগুলির অবস্থা কী? জলশক্তি মন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশে ৭৩টির মধ্যে ৪৬টির কাজ শেষ হয়েছে। উত্তরাখণ্ডে সংখ্যাটা ৪২-এর মধ্যে ৩৬। এদিকে, নমামি গঙ্গের আওতায় বিহারে ৩৮টি প্রকল্প অনুমোদিত হলেও কাজ শেষ হয়েছে মাত্র ১৮টির। মধ্যপ্রদেশে তিনটির মধ্যে একটিও নয়। এমনকী পশ্চিমবঙ্গেও ২৯টির মধ্যে ১৪টি। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হল দূষণ। বায়ু দূষণ নিয়ে এর আগে আদালতে মুখ পুড়েছে দিল্লির আপ সরকারের। খবরের শিরোনামে উঠে এসেছে যমুনার ভয়াবহ দূষণ। সেখানে নমামি গঙ্গেতে সাফল্য রাজধানীর আপ সরকারের এই সাফল্য উল্লেখযোগ্য।
Advertisement
সম্পর্কিত সংবাদ