Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডালখোলা থেকে মাদক এনে শিলিগুড়িতে হাতবদলের চেষ্টা

ডালখোলা থেকে মাদক এনে শিলিগুড়িতে হাতবদলের চেষ্টা
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: ডালখোলা থেকে মাদক এনে শিলিগুড়িতে হাতবদলের ছক ছিল। পরে শিলিগুড়ি থেকে তা চলে যেতে উত্তরবঙ্গের অন্যান্য এলাকায়। পুলিসের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে রবিবার সকালে। তাদের হেফাজত থেকে মিলেছে ৩০৪ গ্রাম ব্রাউন সুগার। পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজি এবং বাগডোগরা থানার পুলিসের যৌথ অভিযানে এই সাফল্য আসে। 
Advertisement
সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের এসওজি’র কাছে গোপন সূত্রে খবর আসে বিপুল পরিমাণ মাদক নিয়ে দুই ব্যক্তি ডালখোলা থেকে শিলিগুড়ির দিকে আসছে। এরপর এসওজি ও বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিস ওত পেতে বসে থাকে বাগডোগরায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে। একটি বাইকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে দেখে তাদের আটক করে পুলিস। জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গতি মেলে। এরপর শুরু হয় তল্লাশি। তাতেই এক ব্যক্তির প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। দ্বিতীয় জনের পকেটে পাওয়া যায় ২০৪ গ্রাম ব্রাউন সুগার। পুলিস জানিয়েছে, ধৃতরা হল আমুশ শেরপা ও কারি পাশোয়ান। দু’জনই শিলিগুড়ির শালুগারার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের সহকারী পুলিস কমিশনার দেবাশিস বসু জানান, এদিন এসওজির কাছে খবর এলে বাগডোগরা থানার পুলিসকে নিয়ে আমরা যৌথ অভিযান চালিয়ে এই সাফল্য পাই। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা ডালখোলা থেকে মাদকগুলি এনে শিলিগুড়িতে কারও হতে ওসব তুলে দিত। উদ্ধার ৩০৪ গ্রাম মাদকের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা। ধৃতরা একই এলাকার বাসিন্দা। তারা একটি বাইকে ছিল। বাইকটিও আমরা হেফাজতে নিয়েছি। এই চক্রে আর কারা জড়িত তার খোঁজ চলছে। ধৃতদের সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নেওয়ার আবেদন জানাব।  
Advertisement
সম্পর্কিত সংবাদ