অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট ও বিতর্ক যেন সমার্থক। একাধিক রাজ্যে তাঁর কনসার্টের আগে বিধিনিষেধ আরোপ করে প্রশাসন। গত বৃহস্পতিবার মুম্বইয়ে ছিল তাঁর কনসার্ট। সেখানে মাদক বিক্রি, মদ্যপানের মতো বিষয় নিষিদ্ধ করা হয়েছিল। পাশাপাশি জারি হয়েছিল একাধিক কড়া নিয়ম। কনসার্টের আওয়াজও বেঁধে দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে কথা বলেছেন দিলজিৎ। তাঁর বক্তব্য, ‘আমি একটা জিনিস শিখেছি— নিজের কাজটা করে যেতে হবে। জীবনে প্রচুর ঝড় আসবে, কিন্তু নিজের অন্তরে সেই ঝড়ের প্রভাব ফেলতে দিও না। তাহলেই বাজিমাত হবে। বাধা নিষেধ আসুক। আমি দ্বিগুণ মজা দেব আপনাদের।’



