Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডাকাতির ৪ দিন পরও দুষ্কৃতীরা অধরা

ডাকাতির ৪ দিন পরও দুষ্কৃতীরা অধরা
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: দমদমে মধ্যরাতে গলায় ছুরি ধরে বৃদ্ধ দম্পতির সর্বস্য লুটের ঘটনার কিনারা এখনও করতে পারেনি পুলিস। ঘটনার চারদিন পরও একজন দুষ্কৃতীও গ্রেপ্তার হয়নি। ফলে এলাকাবাসীরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। রবিবার দমদম পুরসভার সাত নম্বর ওয়ার্ডের নলতা স্কুল রোডে দুঃসাহসিক ডাকাতি হয়। দুষ্কৃতীরা জানালার গ্রিল ভেঙে বাড়ির দোতলায় হানা দিয়েছিল। পক্ষাঘাতে আক্রান্ত বৃদ্ধ শঙ্করকুমার মজুমদারের সামনে তাঁর বৃদ্ধা স্ত্রী পুতুল মজুমদারের গলায় ছুরি ধরে। এরপর আলমারির লকারে থাকা নগদ, সোনার গয়না ছাড়াও পুতুলদেবীর গায়ের গহনা খুলে নিয়ে যায়। বৃদ্ধ দম্পতির ছেলে মহারাষ্ট্রের পুনেতে থাকেন। এই ঘটনায় স্বভাবতই শহরবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার চারদিন পর কেন এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিসি ক্যামেরায় দুষ্কৃতীদের স্পষ্ট দেখাও গিয়েছে। তিনজনের মুখে হেলমেট থাকলেও তাঁদের শারীরিক গঠন, জামা-কাপড়ও দেখা গিয়েছে। তারপরও গ্রেপ্তার করতে সময় লাগায় পুলিসি সক্রিয়তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। দমদম থানা সূত্রে জানা গিয়েছে, তদন্তে অনেক গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গিয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। দু-চার দিনের মধ্যে ‘ব্রেক-থ্রু’ মিলবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ