Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘ভিডিওগ্রাফি, সোশ্যাল মিডিয়ায় দিলেই ব্যবস্থা’! প্রকাশ্যে হুমকি দিয়ে কাঁথিতে চলল পিলে চমকানো ডিজে প্রতিযোগিতা, নীরব পুলিশ

পূর্ব ঘোষণা মতোই কাঁথির চাঁপাতলা লক্ষ্মীপুজো বিসর্জনী মেলায় রাতভর বুকে কাঁপন ধরানো ডিজে বাজল। বুধবার সন্ধ্যা থেকেই লক্ষ্মীপ্রতিমা বিসর্জন উপলক্ষ্যে মেলা বসেছিল।

‘ভিডিওগ্রাফি, সোশ্যাল মিডিয়ায় দিলেই ব্যবস্থা’! প্রকাশ্যে হুমকি দিয়ে কাঁথিতে চলল পিলে চমকানো ডিজে প্রতিযোগিতা, নীরব পুলিশ
  • ১৭ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব ঘোষণা মতোই কাঁথির চাঁপাতলা লক্ষ্মীপুজো বিসর্জনী মেলায় রাতভর বুকে কাঁপন ধরানো ডিজে বাজল। বুধবার সন্ধ্যা থেকেই লক্ষ্মীপ্রতিমা বিসর্জন উপলক্ষ্যে মেলা বসেছিল। বিগত বছরের মতো এবারও পিলে চমকানো ডিজের দাপট অব্যাহত রাখতে সকাল থেকেই টোটোয় মা‌ইক বেঁধে প্রচার চালানো হয়েছিল। লক্ষ্মীপুজোর বিসর্জনী মেলায় কোনওরকম ভিডিওগ্রাফি করা যাবে না বলে ঘোষণা হয়েছিল। শব্দদানবের ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। সংবাদ মাধ্যমের নজরে আসতেই বিষয়টি পুলিশ-প্রশাসনের গোচরে আনা হয়। পুলিশ এনিয়ে পদক্ষেপ নেবে বলে স্থানীয়রা আশা করেছিলেন। কিন্তু, ঝামেলার আশঙ্কায় পুলিশ অভিযান চালায়নি। যেকারণে ঘোষণা মতোই শব্দদানবের উৎপাত চলল।

Advertisement

প্রতিবছর দেশপ্রাণ ব্লকের চাঁপাতলায় লক্ষ্মীপুজোর বিসর্জনী মেলা বসে। মেলায় আশপাশের এলাকা থেকে ৩৫-৪০টি পুজো কমিটি বিপুল সংখ্যক ডিজে নিয়ে হাজির হয়। মেলা প্রাঙ্গণে কারা কত জোরে ডিজে বাজাতে পারে, তার প্রতিযোগিতা চলে। বুধবার দুপুর নাগাদ একটি ভিডিও দেখে সকলে চমকে ওঠেন। যদিও ‘বর্তমান’ ভিডিওটির সত্যতা যাচাই করেনি। ভিডিওতে দেখা যায়, টোটোয় মাইক বেঁধে চাঁপাতলা মেলা কমিটির পক্ষ থেকে ডিজে নিয়ে ঘোষণা চলে। সেখানে বলা হয়, ‘সবাই মিলে বক্স বাজান। আনন্দ করুন। মেলায় কোনও ভিডিওগ্রাফি করবেন না। কোনও সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবারকেও ঢুকতে দেবেন না। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে কোনও ভিডিও পোস্ট হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ডিজে, শব্দবাজির কুপ্রভাব বোঝাতে পথে প্রায়ই সচেতনতা শিবির করা হয়। শব্দদানবের দাপাদাপিতে মারাত্মক সমস্যায় পড়ে বয়স্ক, অসুস্থ থেকে শিশুরা। যে কোনও পুজো, মেলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষ্যে উদ্যোক্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠক হয়। সেখানে উদ্যোক্তাদের ডিজে না বাজানোর নির্দেশ দেওয়া হয়। তারপরও যেভাবে ডিজে বাজানো নিয়ে প্রকাশ্যে মাইকিং এবং সেটি নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তা নজিরবিহীন। এই ঘটনার পর প্রশাসন এবং পুলিশ পদক্ষেপ নেবে বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু, বাস্তবে তা হয়নি।
কাঁথির চাঁপাতলায় ঘোষণা মতোই ডিজের দাপট ছিল। তবে, বিভিন্ন রাস্তা দিয়ে ডিজে সেট ওই মেলায় নিয়ে যাওয়ার সময় কেন আটকানো হল না, সেবিষয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। এনিয়ে পুলিশের সাফাই, মেলায় গিয়ে ডিজে আটকাতে গেলে আইনশৃঙ্খলাজনিত ঝামেলার আশঙ্কা ছিল। সেকথা মাথায় রেখেই অভিযান চালানো হয়নি। তবে, ওই মেলা প্রাঙ্গণ থেকে ডিজে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় আটকানোর পরিকল্পনা নিয়েছে পুলিশ।
কাঁথির মহকুমা পুলিশ অফিসার দিবাকর দাস বলেন, আমরা রাস্তায় দু’টি ডিজে সেট আটক করেছি। তবে, মেলায় গিয়ে অভিযান চালালে সংঘাতের পরিস্থিতি তৈরি হতো। সেজন্য মেলা থেকে ডিজে সেট ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় রাস্তায় আটকানো হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ