শিল্পীর কাছে প্রতিটি চরিত্রই বিশেষ। তবে দেবী দুর্গার ভূমিকায় ক্যামেরার সামনে দাঁড়ানো সব কিছুর থেকে আলাদা। একেবারে অন্য চ্যালেঞ্জ। এমনটাই মনে করেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। প্রতিবছর মহালয়ার ভোরে দেবীবন্দনার বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হয়। ছোটোপর্দায় দেবী দুর্গার ভূমিকায় কাকে দেখা যাবে, তা নিয়ে আগ্রহ থাকে দর্শকমহলেও। জানা গিয়েছে, এ বছর মহিষাসুরমর্দিনীর ভূমিকায় সান বাংলায় দেখা যাবে দিতিপ্রিয়াকে। সান বাংলার পর্দায় প্রথমবার দুর্গারূপে অভিনয় করবেন তিনি। লুক তৈরি হয়ে গিয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই হবে শ্যুটিং। অনুষ্ঠানের নাম ‘অভয়াশক্তি: যুগে যুগে অপরাজিতা’। আগামী ১০ অক্টোবর মহালয়ায় সম্প্রচারিত হবে এই বিশেষ অনুষ্ঠান। অশুভের বিরুদ্ধে দেবীশক্তির জয়ের চিরন্তন কাহিনি দেখা যাবে পর্দায়। মহিষাসুরমর্দিনীর পাশাপাশি দেবীর একাধিক রূপে ধরা দেবেন দিতিপ্রিয়া। পার্বতী, উগ্রচণ্ডী, ভদ্রকালী রূপে থাকবেন অভিনেত্রী। এছাড়াও আদ্যাশক্তির একাধিক রূপ ফুটিয়ে তুলবেন তিনি। সান বাংলার একাধিক জনপ্রিয় শিল্পীকে দেখা যাবে নানা গুরুত্বপূর্ণ চরিত্রে। অ্যাকশন, কোরিওগ্রাফি, মিউজিক ও ভিজ্যুয়াল উপস্থাপনায় এই অনুষ্ঠানের মাধ্যমে আলাদা স্বাদ পাবেন দর্শক। অত্যাধুনিক ভিএফএক্স ব্যবহার করা হচ্ছে এই অনুষ্ঠানের জন্য। দেবীর আবির্ভাব থেকে অশুভের বিনাশ— সবটাই তুলে ধরা হবে বড়ো ক্যানভাসে। সান বাংলার পর্দায় তাঁর উপস্থাপনা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। শীঘ্রই এই অনুষ্ঠানের প্রচার ঝলক প্রকাশ্যে আসবে।



