সংবাদদাতা, উলুবেড়িয়া: থ্যালাসেমিয়া রোধে স্কুলে স্কুলে সচেতনতা শিবির এবং পড়ুয়াদের রক্তের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার উপর জোর দিল হাওড়া জেলা স্বাস্থ্যদপ্তর। ইতিমধ্যে বিভিন্ন স্কুলে শিবির করে রক্ত সংগ্রহ চলছে। জেলা স্বাস্থ্য কর্তাদের দাবি, শিবিরে ভালো সাড়া মিলছে। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে হাওড়া জেলার থ্যালাসেমিয়া ইউনিট আছে। হাসপাতাল সূত্রে খবর, এ বছর এখনও পর্যন্ত ১০০ থেকে ১৫০ জন থ্যালাসেমিয়া আক্রান্তের নাম নতুন করে নথিভুক্ত হয়েছে। ফলে এই রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ৯০০ জনের বেশি। গত বছর যা ৭৫০ থেকে ৮০০ এর মধ্যে ছিল। আর সেই কারণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থ্যালাসেমিয়া পরীক্ষার উপর জোর দিচ্ছে স্বাস্থ্যদপ্তর।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্র থেকে রক্তের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়। এতদিন থ্যালাসেমিয়া রোধে সন্তানসম্ভবা বা সদ্য বিবাহিতদের থ্যালাসেমিয়া পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছিল। কিন্তু জেলা স্বাস্থ্যদপ্তর সিদ্ধান্ত নেয়, থ্যালাসেমিয়া রোধে স্কুলের ছাত্রছাত্রীদের সচেতন করার প্রয়োজন আছে। সেই লক্ষ্যে স্কুল স্কুলে থ্যালাসেমিয়া পরীক্ষার শিবির করার পাশাপাশি তাদের এই ব্যাপারে সচেতন করা হচ্ছে। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত জানান, এর ফলে পড়ুয়াদের মধ্যে আগে থেকেই থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী সময়ে বিয়ের পর তারা এই ব্যাপারে পরিবারের লোকেদের সচেতন করার পাশাপাশি সাবধানতাও অবলম্বন করতে পারবে। এমনকী কেউ যদি থ্যালাসেমিয়া বাহক হন সেক্ষেত্রে তাদের কি করণীয় সেটাও বুঝিয়ে বলা হচ্ছে।