নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ছিটেফোঁটা সম্মান করে না বিজেপি। বন্দেমাতরম গানের বিকৃত করা হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। এমনই অভিযোগ তুলল তৃণমূল। বন্দেমাতরম গানের প্রতিটি লাইন তুলে ধরে তৃণমূল দেখিয়েছে, কোন স্তবক বিকৃত করা হয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায়। একদিকে তৃণমূল তুলে ধরেছে আনন্দমঠে প্রকাশিত বন্দেমাতরম রচনা। অন্যদিকে দেখানো হয়েছে কেন্দ্রের নির্দেশকায় প্রকাশিত বন্দেমাতরম। তৃণমূলের অভিযোগ, সংসদে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলেছেন নরেন্দ্র মোদি। আবার অনুরাগ ঠাকুর বন্দেভারত বলেছেন। আর এবার দেখা গেল বন্দেমাতরম গানটিকে বিকৃত করার ঘটনা। এই কারণে বিজেপি বাংলা বিরোধী। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে, বিজেপি যেভাবে ধর্মীয় বিভাজন করছে, তা মনীষীদের মধ্যেও করছে। কে বড়ো, কে ছোটো এমন বাতাবরণ তৈরি করতে চাইছে বিজেপি। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায়, সরকারি নির্দেশিকার নামে বঙ্কিমচন্দ্রকে বড়ো করার বদলে রবীন্দ্রনাথকে ছোটো করলেন কেন্দ্রের সরকারে থাকা বিজেপির প্রতিনিধিরা। বঙ্কিমচন্দ্রকে আমরা শ্রদ্ধা করি, তেমনই আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে আছেন পৃথিবীতে উচ্চবন্দিত রবীন্দ্রনাথ ঠাকুর।



