নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজ্য সরকারের বহু প্রকল্পের সুবিধা পাচ্ছেন মানুষ। কারা কোন প্রকল্পের সুবিধা পেয়েছেন, তার তালিকা তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে হবে। শুক্রবার দলের বুথের নেতাদের এমনই নির্দেশ দিয়েছেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ।
ভূতুড়ে ভোটার খুঁজতে নেতৃত্বের নির্দেশে জেলা পর্যায়ের পর এখন ব্লকস্তরে তৃণমূলের কমিটি গঠনের কাজ চলছে জলপাইগুড়িতে। এদিন জলপাইগুড়ি সদর দু’নম্বর ব্লকের পাশাপাশি রাজগঞ্জ এবং ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকে ওই কমিটি গঠনে হাজির ছিলেন তৃণমূলের জেলা সভানেত্রী। প্রতিটি জায়গায় তাঁর নির্দেশ, ভোটার তালিকায় কোনও ভুয়ো নাম ঢুকে রয়েছে কি না তা যেমন দেখতে হবে, তেমনই কোন পরিবার রাজ্য সরকারের কোন সামাজিক প্রকল্পের সুবিধা পেয়েছে, তার তালিকাও বুথকর্মীদের হাতে রাখতে হবে। ওই তালিকা ধরে বাড়ি বাড়ি গিয়ে আরও বেশি করে প্রচার করতে হবে। দলের কর্মীদের উদ্দেশে সভানেত্রী বলেন, বিজেপি নানা বিষয়ে মিথ্যে প্রচার চালিয়ে যাচ্ছে। তার পাল্টা হিসেবে আমাদের একেবারে উপভোক্তাদের তালিকা হাতে নিয়ে প্রচারে নামতে হবে। সবাই ঠিকমতো রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না তা দেখতে হবে। রানিনগর শিল্পতালুক এলাকায় ভোটার তালিকায় বিশেষ নজর রাখার জন্য দলের কর্মীদের নির্দেশ দেন তিনি।
বিভিন্ন কারখানায় কাজের জন্য ভিনরাজ্য থেকে অনেক শ্রমিক আসেন। ফলে কোনও ভুয়ো নাম ভোটার তালিকায় ঢুকে পড়ছে কি না, তা খেয়াল রাখতে বলেন। ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকে ভূতুড়ে ভোটার নিয়ে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে কর্মীদের। সদর দু’নম্বর ব্লকে কর্মীদের উদ্দেশে সভানেত্রীর নির্দেশ, দল যেভাবে বলেছে, সেভাবেই কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যথা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।