নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর সময় ই এম বাইপাসের দু’ধারে বিভিন্ন পুজো কমিটি, ক্লাব, সংস্থার পক্ষ থেকে বিজ্ঞাপনের হোর্ডিং বা ফ্লেক্স লাগানো হয়। বাঁশ দিয়ে তৈরি করা হয় সুউচ্চ অস্থায়ী কাঠামো। সেই কাঠামোতেই লাগানো হয় বিজ্ঞাপন। যা দুর্ঘটনার কারণ হয় বা সেরকম আশঙ্কা তৈরি করে। তাই এবার থেকে সরকার অনুমোদিত বিজ্ঞাপনী কাঠামো ছাড়া আর কোনও অস্থায়ী বিজ্ঞাপন লাগানো চলবে না বাইপাসে। এই মর্মে বুধবার একটি নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, বাইপাসে মেট্রোপলিটন থেকে চিংড়িঘাটা পর্যন্ত দু’দিকে বিজ্ঞাপন লাগানোর বড় বড় বাঁশের খুঁটি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তারপরেই মঙ্গলবার সারারাত কাজ করে সেই বিজ্ঞাপনগুলি খোলানোর ব্যবস্থা করে পুর কর্তৃপক্ষ। বুধবার বিকেলে এই সার্কুলার জারি করা হয়। উল্লেখ্য, গত বছর মেট্রোপলিটনের কাছে এমনই একটি বিজ্ঞাপনের কাঠামো ভেঙে পড়ে বিপত্তি হয়েছিল। দীর্ঘক্ষণ বাইপাসে যান চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়তে হয় মানুষকে।
পুর কমিশনার ধবল জৈনের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, পুজোর সময় বাইপাসজুড়ে বিভিন্ন পুজো কমিটি বিজ্ঞাপন লাগায়। বিভিন্ন ক্লাব, সংস্থা বা এজেন্সিও বিজ্ঞাপনের ব্যানার, হোর্ডিং লাগিয়ে রাখে। যার জন্য পথ দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তাই আর এই অস্থায়ী বিজ্ঞাপনগুলি লাগানো চলবে না। অন্যথায় আইনি পদক্ষেপ করবে পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম এবং বিজ্ঞাপন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমারের অনুমতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেবাশিস কুমার জানিয়েছেন, ইতিমধ্যে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে বা অস্থায়ী বাঁশের কাঠামো তৈরি হয়েছে, সেগুলি খুলে ফেলতে হবে।
কর্তৃপক্ষ জানাচ্ছে, নিয়ম অনুসারে মহালয়ার এক সপ্তাহ আগে থেকে পুজোকেন্দ্রিক বিজ্ঞাপন লাগানোর অনুমতি দেওয়া হয়। কিন্তু বাইপাসে মাঠপুকুর, মেট্রোপলিটন থেকে চিংড়িঘাটাগামী রাস্তার ধারে বিভিন্ন জায়গায় বড় বড় কাঠামো তৈরি করে বেআইনিভাবে বিজ্ঞাপন লাগিয়ে দেওয়া হয়েছিল ইতিমধ্যেই। এছাড়া, যুবভারতী স্টেডিয়াম থেকে শুরু করে উল্টোডাঙা পর্যন্ত বিভিন্ন জায়গায় অবৈধ অস্থায়ী বিজ্ঞাপন রয়েছে। সেগুলিও এবার খুলে ফেলা হবে।