Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শহর তৃণমূলেও ভাঙন, পদত্যাগ মেয়র পারিষদ তারকের

কলকাতায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তারক সিং পদত্যাগ করলেন। পুরসভায় ভাঙন অব্যাহত, মমতার নেতৃত্বে প্রশ্ন উঠছে। বিস্তারিত পড়ুন।

শহর তৃণমূলেও ভাঙন, পদত্যাগ মেয়র পারিষদ তারকের
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। গোটা রাজ্যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের অন্তত ১৫০ জন স্থানীয় জনপ্রতিনিধি পদত্যাগ করেছেন। তার বড়ো অংশই বিভিন্ন পুরসভার কাউন্সিলার। ইস্তফার সেই হিড়িক এবার কলকাতা পুরসভায়ও! বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এই পুরসভায়ও ডামাডোল চলছে। তৃণমূলের বহু কাউন্সিলারই ‘বেসুরো’ হচ্ছেন। এমনকি, মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ বা বর্তমান পুরবোর্ড ভেঙে দেওয়ার দাবিও উঠে গিয়েছে। এই আবহে মঙ্গলবার মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা দিলেন তারক সিং। তিনি নিকাশি বিভাগের দায়িত্বে ছিলেন। পদত্যাগের তালিকা অচিরেই আরও লম্বা হবে বলে মনে করা হচ্ছে। কারণ, কিছুটা ‘বেসুরো’ গাইছেন ডেপুটি মেয়র অতীন ঘোষও। সব মিলিয়ে তৃণমূলের পুর-পরিষদীয় দলের অবস্থা সঙ্গীন।

Advertisement

এদিন পুর-কমিশনার স্মিতা পান্ডেকে পদত্যাগপত্র পাঠান তারক সিং। তিনি বলেন, ‘সামনে বর্ষা আসছে। কিন্তু মেয়র বা কমিশনারকে বৈঠকের জন্য বলেও কোনো লাভ হয়নি। জল জমলে তার দায় আমাদের নিতে হবে। কিন্তু আমরা কোনো কাজ করতে পারছি না। যেখানে মেয়র পারিষদের কোনো কাজ করার ক্ষমতা নেই, সেখানে সরকারি টাকায় তেল খরচ করে গাড়ি চড়ে রোজ পুরসভায় আসা আমার নীতি-নৈতিকতায় বাধছে। তাই পদত্যাগ করলাম।’ তাঁর আরও সংযোজন, ‘মেয়র পরিষদের বৈঠক হচ্ছে না। মাসিক অধিবেশনও হচ্ছে না। এসব বিষয়ে মেয়রও আমাদের সঙ্গে কোনো আলোচনা করেননি। আইনি পথে যাওয়া উচিত পুরসভার। আমরা যেহেতু কলকাতার ১০৪টি ওয়ার্ডে পিছিয়ে, তাই গোটা বোর্ডের পদত্যাগ করা উচিত।’
এদিন, সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরও ক্ষোভ উগরে দেন তারক। বলেন, ‘সর্বোচ্চ নেতৃত্বের পদত্যাগ চাই। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। তিনি অভিষেককে সঠিকভাবে শাসন করেননি। তা করলে আজকে একজনের চুরির দায় গোটা দলকে বইতে হত না। মমতা বন্দ্যোপাধ্যায়কেও চোর স্লোগান শুনতে হচ্ছে। উনি চোর নন। কিন্তু ভাইপোকে শাসন করেননি, ভাইপোকে বাড়তে দিয়েছেন। সেই ভাইপোর বিরুদ্ধেই চুরি-দুর্নীতির অভিযোগ। সব কিছুর দায় দলের সবাইকে নিতে হচ্ছে।’ শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে যাওয়া প্রসঙ্গ টেনে তারক বলেন, ‘উনি তৃণমূল যুবর দায়িত্বে ছিলেন। অভিষেককে তুলতে পালটা যুবা বানালেন মমতা। পার্টির মধ্যে উনিই তো ডিভিশন করেছেন। মমতা বলেছেন, আমরা হারিনি। তাহলে কেন বিরোধী দলে বসতে চাইছেন?’ এমনকি, পুরসভার ‘ত্রিফলা কেলেঙ্কারি’ নিয়ে মুখ খোলায় নেত্রীর কাছে ‘বকা’ খেয়েছিলেন বলেও এদিন দাবি করেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা। তারকের পদত্যাগ নিয়ে মেয়র বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। তবে পুরসভায় আমরা একটা গ্রুপ হিসাবে যা করার একসঙ্গেই করব।’ 
এদিকে, ডেপুটি মেয়র অতীন ঘোষও পুরসভার বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। তাঁর কথায়, ‘এভাবে সত্যিই পুরসভা চলতে পারে না। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মিটিং জরুরি। সেটা হচ্ছে না। মেয়র পরিষদের বৈঠক হচ্ছে না।’ তবে সামগ্রিকভাবে সিদ্ধান্ত না হলে তিনি পদত্যাগ করবেন না বলেও জানান অতীন। তারক সিংহের পদত্যাগ প্রসঙ্গে অতীন বলেন, ‘যে পদ্ধতিতে উনি পদত্যাগ করছেন, সেটাও পুরসভার আইন বিরুদ্ধ। মেয়রের কাছেই পদত্যাগপত্র দেওয়া উচিত। ওঁর সিদ্ধান্ত ব্যক্তিগত।’ 

সম্পর্কিত সংবাদ