সংবাদদাতা, নবদ্বীপ: দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে নবদ্বীপ ব্লকের মায়াপুরের গুরুত্বপূর্ণ হাসপাতাল রোড। মায়াপুর হাসপাতাল মোড় থেকে তারণপুর ফেরিঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটারের বেশি পিচ রাস্তার বিভিন্ন অংশ ভেঙে ছোটো-বড়ো একাধিক গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেই গর্তগুলিতে জল জমায় দুর্ভোগে পড়ছেন পথচারী, পড়ুয়া থেকে শুরু করে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তার পরিবার। যানবাহন চালকরাও কার্যত বিরক্ত। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসন ও জেলা পরিষদকে জানানো হলেও রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
মায়াপুর-বামুনপুকুর ১ ও ২ নম্বর পঞ্চায়েত এবং বেলপুকুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ দিয়েই বহু মানুষ নবদ্বীপের বিডিও অফিস, বিএলআরও অফিস, মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করেন। পাশাপাশি মায়াপুর দর্শনে আসা বহু পুণ্যার্থী ও পর্যটকও এই রাস্তা দিয়ে তারণপুর ফেরিঘাট হয়ে জলঙ্গি পেরিয়ে কৃষ্ণনগরের দিকে যাতায়াত করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। দ্রুত সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা। স্থানীয় বাসিন্দা মিলি সরকার বলেন, দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা খারাপ। অথচ এই রাস্তা দিয়ে দিনরাত বালি, পাথর বোঝাই ভারী যানবাহন চলাচল করে। ভারী গাড়ির লাগাতার যাতায়াতের জেরেই রাস্তার ক্ষতি বাড়ছে।
মায়াপুর-বামুনপুকুরের বাসিন্দা তথা স্থানীয় বেসরকারি শিশু শিক্ষা নিকেতনের শিক্ষিকা সালমা খাতুন বলেন, স্কুলের সামনে রাস্তা ভেঙে গিয়ে বড়ো বড়ো গর্ত দেখা দিয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন নার্সারি থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়ারা অভিভাবকদের সঙ্গে যাতায়াত করে। মায়াপুর মোল্লাপাড়ার বাসিন্দা হাসান নবী বলেন, প্রতিদিন কাজের সূত্রে তাঁকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। বালি-পাথর বোঝাই ভারী গাড়ির যাতায়াতের ফলে রাস্তার অবস্থা খারাপ হয়েছে। তারণপুর ঘাটের আগে চারমাথার মোড়ের কাছে রাস্তার একটি বড়ো অংশ বসে গিয়েছে।
নবদ্বীপ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা স্থানীয় বাসিন্দা সিপিএমের আয়েব নবী শেখ বলেন, মায়াপুর- বামুনপুকুর ১ পঞ্চায়েত এলাকার এই রাস্তা জেলা পরিষদের অধীন। জেলা পরিষদের উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কার করা উচিত। বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা মায়াপুরের বাসিন্দা গৌতম পাল বলেন, এটি জেলা পরিষদের রাস্তা। নতুন জেলা সভাধিপতির কাছে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। -নিজস্ব চিত্র