নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মঙ্গলবারের পর বুধবারও দুর্যোগের কবলে পড়ল চন্দননগর। এর প্রভাব সরাসরি পড়ল জগদ্ধাত্রী পুজোর উপর।
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মঙ্গলবারের পর বুধবারও দুর্যোগের কবলে পড়ল চন্দননগর। এর প্রভাব সরাসরি পড়ল জগদ্ধাত্রী পুজোর উপর।
বুধবার দুপুরে কিছু সময়ের জন্য তীব্র বেগে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে চন্দননগরে। সঙ্গে বৃষ্টি। তার পরও বিছিন্নভাবে বৃষ্টির দাপট দেখা যায়। এর ফলে চন্দননগরে এদিনও একাধিক এলাকায় তোরণ ভেঙে পড়ার ঘটনা ঘটে। ভাঙে বিজ্ঞাপনের বোর্ডও। এর পাশাপাশি দুর্যোগমুখর দিনে এই প্রথমবার পুজোর সময় দুর্ঘটনার সাক্ষীও হয় শহর। কলুপুকুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মধ্যবয়স্ক মহিলার। সবমিলিয়ে মঙ্গল এবং বুধ এই দু’দিন দিনভর দুর্যোগের মুখোমুখি হয়ে একাধিক অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকতে হয় উৎসবমুখর চন্দননগরকে। এছাড়া এদিন দুর্যোগের ফলে জগদ্ধাত্রী পুজোর আলোকসজ্জার তোরণ ভেঙে পড়ে পাণ্ডুয়ার বৈঁচিতে।
এই পরিস্থিতিতে চন্দননগরে দুপুরের পর পুজোর কেন্দ্রীয় কমিটির তরফে বিস্তীর্ণ এলাকা থেকে আলোকসজ্জার তোরণ খুলে নেওয়া হয়। কোথাও কোথাও তোরণকে ছোট করে দেওয়াও হয়। দুর্যোগের আশঙ্কায় ভিড়বহুল এলাকা বলে পরিচিত শহরের ১০টি বারোয়ারি এই সিদ্ধান্ত নেয়। এই ঘটনা শহরের আলোর শোভাতে কিছুটা হলেও প্রভাব ফেলবে বলে বক্তব্য দর্শনার্থীদের। তবে সেসব নিয়ে মাথা ঘামাতে চায়নি জগদ্ধাত্রী পুজোর কেন্দ্রীয় কমিটি। কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ বলেন, ‘মানুষের জন্য উৎসব। তাঁদের কোনওরকম সমস্যায় পড়তে হোক চন্দননগরের কোনও পুজো কমিটিই তা চায় না। তাই পুলিশের সঙ্গে আলোচনা করে প্রায় ১০টি পুজো তাদের আলোর তোরণ ছোট আকারের করে দিয়েছে। কোথাও কোথাও তোরণ খুলেও নেওয়া হয়েছে। বোর্ডের মাধ্যমে তৈরি আলোকসজ্জা হাওয়া চলাচলের সুবিধার জন্য খোলা হয়েছে।’ জানা গিয়েছে, উর্দ্দিবাজারের আলোর তোরণ ছোট করা হয়েছে। চাউলপট্টির পুরনো পুজো কমিটি থেকে মধ্যাঞ্চল বাগবাজার চৌমাথার মতো বড় মাপের পুজো উদ্যোক্তারাও আলোকসজ্জা খুলে রেখেছেন।
এছাড়া এদিন চন্দননগরের কলুপুকুরে পুজো দেখতে গিয়েছিলেন চুঁচুড়ার মতিঝিল এলাকার দাস দম্পতি। কলুপুকুরে একটি লরি তাঁদের বাইকে ধাক্কা দেয়। দিপালী দাস(৫৬) নামে মহিলাকে পিষে দেয় গাড়িটি। জানা গিয়েছে, শোভাযাত্রার জন্য শহরে ঢুকেছিল লরি। এই ঘটনার পর সব লরিতে খালাসি রাখা বাধ্যতামূলক করে পুলিশ। এক নভেম্বর শোভাযাত্রার সময় চালকের সামনের অংশে আলোকসজ্জা না করারও নির্দেশ জারি হয়েছে।
বুধবার দুর্যোগের কারণে জগদ্ধাত্রী পুজোর আলোকসজ্জার তোরণ ভেঙে পড়ে পাণ্ডুয়ার বৈঁচিতে। সেখানে তোরণের সঙ্গে একাধিক বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়ে। এর ফলে সন্ধ্যা পর্যন্ত বৈঁচি-কালনা রোডে যাতায়াত বিপর্যস্ত হয়। একদিকে দুর্যোগ অন্যদিকে দুর্ঘটনা, সবমিলিয়ে এই প্রথমবার পুজোর সময় দিনভর বিপর্যয়ের মুখোমুখি জগদ্ধাত্রী নগরী চন্দননগর।