পাওয়ার পরিবারে মতবিরোধ, বিলের বিরোধিতায় সুপ্রিয়াকে চিঠি রোহিতের, বিজেপিকে তোপ উদ্ধবের
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ডিলিমিটেশন বিল ঘিরে  শারদ পওয়ারের দল এনসিপির অন্দরের মতবিরোধ প্রকাশ্যে এল। বিলের বিরোধিতা করে দলের কার্যকরী সভানেত্রী সুপ্রিয়া সুলেকে চিঠি লিখলেন এনসিপি (এসপি) বিধায়ক রোহিত পাওয়ার। উল্লেখ্য, রোহিত সম্পর্কে শারদ-কন্যার ভাইপো। অন্য দিকে, বিলকে ভোট চুরির চেষ্টা বলে অভিযোগ করলেন শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকারে। তাঁর দাবি, বিজেপির রাজনৈতিক সুবিধার কথা মাথায় রেখেই নির্বাচনি কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে।

Advertisement

মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে থ্যাকারে বলেন, ‘আসন পুনর্বিন্যাস ভোট চুরির চেষ্টা। বিজেপির সুবিধার জন্যই নির্বাচনি কেন্দ্রগুলির সীমানা নির্ধারণ করা হবে।’ তাঁর অভিযোগ, আসন সংরক্ষণ ইস্যুকে সামনে রেখে বিজেপি মহিলাদের বিভ্রান্ত করছে। আসন পুনর্বিন্যাস কমিশনের সদস্য হিসাবে মুখ্য নির্বাচন কমিশনারকে রাখার সিদ্ধান্ত নিয়েও আপত্তি জানিয়েছেন উদ্ধব। পাশাপাশি শারদ পাওয়ারের দলের সম্ভাব্য অবস্থান নিয়ে তিনি বলেন, ‘একসঙ্গে দু’টি নৌকায় পা দিয়ে চলা যায় না।’ ডিএমকে প্রধান স্ট্যালিনকেও নিজের অবস্থান পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন উদ্ধব।
এনসিপি শিবিরে বিলের সমর্থন নিয়ে শুরু থেকেই মতবিরোধের খবর এসেছে। এরইমধ্যে রবিবার সুপ্রিয়া সুলেকে লেখা চিঠিতে রোহিতের আরজি, সংসদে যেন দলের সদস্যরা বিলের বিরুদ্ধে ভোট দেন। তাঁর বক্তব্য, এই বিলকে সমর্থন করলে দলের রাজনৈতিক আদর্শ এবং শারদ পাওয়ারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। উল্লেখ্য, সুপ্রিয়া সুলে বিলে দলের সমর্থনের ইঙ্গিত দিলেও চূড়ান্ত সিদ্ধান্তের আগে বিলের খসড়া খতিয়ে দেখার কথা জানিয়েছিলেন। রোহিতের অভিযোগ, ২০১১ সালের জনগণনার তথ্যের ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে তফসিলি জাতি ও জনজাতির প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে। আগামী ২৫ বছর তার প্রভাব থাকবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, নতুন জনগণনার কাজ শুরু হয়েছে। তাই ২০২৭ সালে নতুন তথ্যের ভিত্তিতে সাংবিধানিক পদ্ধতিতে আসন পুনর্বিন্যাস করা যেতে পারে। মহিলা সংরক্ষণের সঙ্গে আসন পুনর্বিন্যাসকে যুক্ত করারও বিরোধিতা করেছেন তিনি। ২০২৩ সালেই সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন রোহিত।
এরইমধ্যে শারদকে বিশ্বাসঘাতক আখ্যা নিয়ে এনসিপি (এসপি)-র ক্ষোভের মুখে পড়েছেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা বিজয় ওয়াদ্দেতিয়ার। এদিন তিনি বলেছেন, এনসিপি (এসপি) যদি বিলে সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে তিনি ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন।