নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসুস্থ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় স্ট্রোক হয় তাঁর। পারিবারিক চিকিৎসকের পরামর্শে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। পরিচালকের স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় বলেন, ‘ওর মাথা যন্ত্রণা করছিল। আমরা প্রথমে ভেবেছিলাম মাইগ্রেন। তারপর ও জানায় বাঁ চোখে ঝাপসা দেখছে। হাঁটতে পারছিল না। পড়ে যাচ্ছিল। আমাদের পারিবারিক চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে এমআরআই করা হয়। তারপরই বোঝা গেল। পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে, তা বলা যাচ্ছে না। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে এখন।’ উল্লেখ্য, শারীরিক অবস্থার কারণে পরিচালনা থেকে বিরতি নিয়েছিলেন তিনি। সদ্য ফেরেন সেটে। ‘চোর’ ছবির শ্যুটিং শুরু করেন তিনি।



