Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নয়া ভূমিকায় মানিয়ে নিচ্ছেন দিমি

চেন্নাইয়ান ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল মোহন বাগান। আগামী সোমবার যুবভারতীতে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে লোবেরা ব্রিগেড।

নয়া ভূমিকায় মানিয়ে নিচ্ছেন দিমি
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চেন্নাইয়ান ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল মোহন বাগান। আগামী সোমবার যুবভারতীতে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে লোবেরা ব্রিগেড। ১৩ রাউন্ডের লিগে প্রায় প্রতিটি ম্যাচই ফাইনাল। পয়েন্ট নষ্ট করলে সমস্যা। তাই পরিচিত আক্রমণাত্মক ফর্মেশনেই দল সাজাবেন স্প্যানিশ কোচ।

Advertisement

হোসে মোলিনার জমানায় দুটো উইংয়ে ডানা মেলতেন লিস্টন কোলাসো ও মনবীর সিং। মোহন বাগানের সাম্প্রতিক সাফল্যে এই জুটির অবদান অনেকটাই। কিন্তু দায়িত্ব নেওয়ার পর কিছু টেকনিক্যাল বদল এনেছেন লোবেরা। ডানদিকে লিস্টনকে খেলিয়ে বাম প্রান্তে রবসন রবিনহোকে ব্যবহার করা হচ্ছে। নতুন কম্বিনেশন কতটা সোনা ফলাবে তার উপর দলের পারফরম্যান্স অনেকটাই নির্ভরশীল। লিস্টনের ভূমিকাও বদলেছে। আগে বাঁ দিক থেকে কাট করে ঢুকে আসতেন তিনি। রাইট উইং হাফে খেলানোর ফলে সেই সুযোগ কম। অন্যদিকে নাম্বার টেনের ভূমিকায় লোবেরার পছন্দ দিমিত্রি পেত্রাতোস। অতীতে এই পজিশনে ঝলমল করতেন গ্রেগ স্টুয়ার্ট। বর্তমানে সেই জায়গায় পেত্রাতোসই প্রধান ফিডার। নতুন পজিশনে মানিয়ে নেওয়ার চেষ্টায় পেত্রাতোস। আগামীতে তিনি কতটা ধারালো হয়ে উঠতে পারেন সেটাই দেখার। জেমি ম্যাকলারেনের মতো দুরন্ত বক্স স্ট্রাইকার মোহন বাগানের সম্পদ। বল সাপ্লাই পেলে তাঁর কাছে লক্ষ্যভেদ জলভাত। এক্ষেত্রে পেত্রাতোসের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে লোবেরাকে। প্রতিপক্ষ চেন্নাইয়ানে নাগুয়েরো ও বেনাম্মারের মতো বিদেশি ফুটবলার রয়েছেন। তাঁরা মোহন বাগান মাঝমাঠকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি। সেক্ষেত্রে মাঝমাঠের দ্বৈরথ আকর্ষণীয় হতে পারে। এদিকে, প্রথম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন ইন্টার কাশীর গোলরক্ষক লুইস তারেস। ম্যাচের পরেই ফেডারেশনের কাছে আবেদন জানায় কাশী। তারই ভিত্তিতে তারেসকে হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ