Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিংয়েই পদ ছাড়ার হুঁশিয়ারি দিলীপের

শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিংয়েই পদ ছাড়ার হুঁশিয়ারি দিলীপের
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পুরসভার মাসিক বোর্ড মিটিংয়ের মাঝেই মেয়র পারিষদ পদ ছাড়ার হুঁশিয়ারি দিলেন ৪৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার দিলীপ বর্মন। তিনি পুরসভার তিনটি বিভাগের এমআইসি। ভরা সভায় তাঁর এমন হুঁশিয়ারিতে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। তাঁর দাবি, মেয়র গৌতম দেবের সঙ্গে বারবার কথা বলতে চেয়েও সময় পান না। যদিও মেয়র দিলীপবাবুর অভিযোগকে খুব একটা আমল দিতে চাননি। তাঁর দাবি, মেয়র হিসেবে সমস্ত ওয়ার্ডের কাজ তিনি সমানভাবে করে থাকেন। দিলীপবাবুর অভিযোগ, পদে থাকা সত্ত্বেও কোনওরকম কাজ করতে দেওয়া হচ্ছে না তাঁকে। পদের দায়িত্ব নেওয়ার পর থেকে অবহেলার শিকার হচ্ছেন তিনি। যদি কাজ করতে দেওয়া না হয়, তাহলে সেই পদে না থাকাই ভালো বলে সাফ জানিয়ে দেন। যদিও বোর্ড মিটিং শেষে তিনি বলেন, আমি আমার সমস্যার কথা সভায় জানিয়েছি। সমাধান করার আশ্বাস দেওয়া হয়েছে। সমস্যা সমাধান হচ্ছে কি না, তা সময়ই বলবে।  অন্যদিকে, মেয়র গৌতম দেব বলেন, সমস্ত ওয়ার্ডকেই সমান গুরুত্ব দেওয়া হয়। কাজেই যে অভিযোগ এমআইসি এনেছেন, তার কোনও ভিত্তি নেই। নির্দিষ্ট জায়গায় এসব বিষয়ে আলোচনা হবে। আর আমি সমস্ত তথ্যপ্রমাণ নিয়ে কাজ করি। ওই এমআইসি ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। আমি প্রায় চৌত্রিশবার গিয়েছি সেখানে। দিলীপবাবু কেন এমন অভিযোগ করলেন সেটা স্পষ্ট নয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, দিলীপবাবু ট্রেড লাইসেন্স, হাউজিং এবং স্পোর্টস এই তিন বিভাগের দায়িত্বে রয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ