Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার বাড়িতে ঢুকে মারার হুমকি দিলেন দিলীপ ঘোষ

শুক্রবার রাস্তার উদ্বোধনে গিয়ে মহিলাদের গালিগালাজ করেছিলেন। এমনকী, গলা টিপে দেওয়ারও হুমকি দিয়েছিলেন।

এবার বাড়িতে ঢুকে মারার হুমকি দিলেন দিলীপ ঘোষ
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মেদিনীপুর: শুক্রবার রাস্তার উদ্বোধনে গিয়ে মহিলাদের গালিগালাজ করেছিলেন। এমনকী, গলা টিপে দেওয়ারও হুমকি দিয়েছিলেন। তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেলেও কোনও অনুশোচনা নেই বিজেপি নেতা দিলীপ ঘোষের। আরও এক ধাপ এগিয়ে শনিবার বাড়িতে ঢুকে মারার হুমকি দিলেন তিনি। মহিলাদের সম্পর্কে কটূক্তি করতেও ছাড়লেন না। দিলীপবাবুর অভব্য আচরণের প্রতিবাদে এদিন তাঁর বাংলোর সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। পাল্টা জমায়েত করে বিজেপিও। তাতে উত্তেজনা ছড়ায়। দিলীপবাবু অবশ্য এই বিক্ষোভকে তৃণমূলের নিজেদের লড়াই বলে মন্তব্য করেছেন। এদিন সকালে খড়্গপুরের বোগদা এলাকায় চা চক্রে যোগ দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘ওইদিন আমি মেজাজ হারাইনি। যা বলেছি, ঠিক বলেছি। এই ধরনের বেয়াদপি যদি করতে আসে সে যে পার্টিরই হোক বাড়ি থেকে টেনে এনে রাস্তায় পেটাব। দিলীপ ঘোষ কারও বাপের খায় না। কারও জমিদারিতে পা দেয় না।’ তিনি আরও বলেন, ‘রাজনীতি করতে হলে ভদ্রভাবে করো। ছ্যাবলামি করলে আমরাও জানি, কাকে কীভাবে সিধা করতে হয়। তৃণমূল যদি মনে করে খড়্গপুরে এই রাজনীতি শুরু করবে, তাহলে কাল থেকে শুরু করছি। বাড়িতে ঢুকে মারব, নয়তো বাড়ি থেকে টেনে এনে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব। রাজনীতি ছেড়ে দেব। কিন্তু মেজাজ ছাড়ব না।’ দিলীপবাবুর বেলালাগাম মন্তব্যের প্রতিবাদে এদিন তাঁর বাংলোর সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। জেলা সহ সভাপতি দেবাশিস চৌধুরীর নেতৃত্বে এই বিক্ষোভে পুরসভার একাধিক কাউন্সিলারও যোগ দেন।  তৃণমূলের বিক্ষোভ থেকে দিলীপবাবুকে গ্রেপ্তারের দাবি তোলা হয়। সেই সময় দিলীপবাবু অবশ্য বাংলোয় ছিলেন না। শহরেই একটি অনুষ্ঠানে ছিলেন। তৃণমূলের বিক্ষোভের খবর পাওয়ার পর বিজেপি কর্মীরাও সেখানে জমায়েত হওয়ায় উত্তেজনা ছড়ায়। দু’পক্ষের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিজেপির অভিযোগ, তাদের মহিলা কর্মীদের গায়ে হাত দেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্ব অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে। 

Advertisement

বাংলোয় ফিরে দিলীপবাবু বলেন, ‘এদিনের বিক্ষোভ আসলে প্রদীপবাবুর সঙ্গে দেবাশিসবাবুর লড়াই। সেটা আমার ঘাড়ে ফেলছে। শুক্রবার প্রদীপবাবু মাইলেজ পেয়েছেন। তাই আজ দেবাশিসবাবু মাইলেজ নিতে এসেছেন। আসলে দিলীপবাবুর বিরুদ্ধে লড়াই করলে নাম হবে।’ তিনি বলেন, ‘জানিয়ে এলে ভালো ট্রিটমেন্ট করতাম। আমরা যদি ওদের নেতাদের বাড়ির সামনে ধর্না শুরু করি শোভা পাবে কী?’ 
বিক্ষোভকারী মহিলাদের সম্পর্কে এদিনও দিলীপবাবু কটূক্তি করেন। শুক্রবারের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েকজন রাস্তার মেয়েকে পাঠিয়ে দিয়েছে।’ যার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে শাসকদল তৃণমূল। প্রাক্তন বিধায়ক তথা কাউন্সিলার প্রদীপ সরকার বলেন, আমরা চাই, দিলীপবাবু এধরনের আচরণ থেকে বিরত থাকুন। উনি যদি মারবেন বলেন তৃণমূলও চুড়ি পরে বসে নেই। তৃণমূল মনে করলে উনি খড়্গপুরে ঢুকতে পারবেন না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ