বিশ্বভারতীর লিপিকা পুঁথিশালার দুর্লভ পাণ্ডুলিপি ডিজিটাইজেশন কাজ শুরু
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতীর লিপিকা পুঁথিশালায় সংরক্ষিত সমস্ত দুর্লভ পাণ্ডুলিপি ডিজিটাইজেশন শুরু হল। পুজোর ছুটির পর সম্প্রতি ভারত সরকারে সংস্কৃতি মন্ত্রকের ‘জ্ঞান ভারতম’ প্রকল্পের অধীনে এই কাজ শুরু হয়েছে। এশিয়াটিক সোসাইটির বিশেষজ্ঞদের টিম কাজ করছে। এজন্য বিশ্বভারতীকে কোনো খরচ করতে হচ্ছে না। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক জানান, জ্ঞান ভারতম প্রকল্পের অঙ্গ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এশিয়াটিক সোসাইটির বিশেষজ্ঞরা বিনামূল্যে কাজটি করছেন। লিপিকা পুঁথিশালায় থাকা সমস্ত পাণ্ডুলিপিই ডিজিটাইজ করা হবে।

Advertisement

বিশ্বভারতীর এই পুঁথিশালায় বিভিন্ন ভাষার প্রায় কয়েকহাজার প্রাচীন পাণ্ডুলিপি রয়েছে। বাংলা, সংস্কৃত, ওড়িয়া, তামিল সহ একাধিক ভাষায় লেখা পুঁথি এখানে সংরক্ষিত রয়েছে। এসমস্ত পাণ্ডুলিপিতে সাহিত্য, দর্শন, ধর্ম ও সংস্কৃতির নানা বিষয় উঠে এসেছে। এসব ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত হলে গবেষকদের বিশেষ সুবিধা হবে। আগামী প্রজন্মও এই ঐতিহাসিক সম্পদের কথা জানতে পারবে।
বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ আগেই সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি পাণ্ডুলিপি ডিজিটাইজেশনের কাজ শুরু হবে। সেই ঘোষণার কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হল। আগামী কয়েকমাস ধরে এই কাজ চলবে।
বিশ্বভারতীর প্রশাসনিক কাজেও প্রযুক্তির ব্যবহার বেড়েছে। কয়েকমাস আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয় এবং শ্রীনিকেতনের বিভিন্ন দপ্তরে ই-অফিস চালু হয়েছে। আগে চিঠি ও কাগজের ফাইলের মাধ্যমে নথি আদানপ্রদান হত। এখন ই-ফাইলের মাধ্যমে কাজ হচ্ছে। এতে কাজের গতি বেড়েছে। ছাত্রছাত্রীদের বিভিন্ন পরিষেবা পেতেও সুবিধা হচ্ছে।