ডিজিটাল অ্যারেস্ট করে সাড়ে ৩ কোটি প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সিম কার্ডের বিরুদ্ধে দায়ের হয়েছে ২৪টি এফআইআর। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে ফোন করে এ কথা এক ব্যক্তিকে জানান একজন। তারপর ডিজিটাল অ্যারেস্ট করা হয় ওই ব্যক্তিকে। এবং প্রায় সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। প্রতারিত ব্যক্তি নিউটাউনের বাসিন্দা। তিনি পুলিশে অভিযোগ জানান। তারপর ওই ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানা। ধৃতদের নাম বিকু কুমার, মহম্মদ জায়েদ এবং দুরন্ত পাত্র। তাঁদের বাড়ি বেহালা, বেনিয়াপুকুর এবং হাওড়ায়।

Advertisement

প্রতারিতকে হুমকি দিয়ে বলা হয়েছিল, ‘আপনার নামে তোলা সিমকার্ডের বিরুদ্ধে ২৪টি এফআইআর হয়েছে। বিজ্ঞাপন এবং হয়রানি সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে মুম্বইয়ে।’ তারপরই তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করে প্রতারকরা। জানায় বাড়ি থেকে বের হওয়া নিষেধ। প্রতি ২ ঘণ্টা অন্তর আপডেট জানাতে হবে। এরপর কয়েক দফায় ৩ কোটি ২৬ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। এর মধ্যে জামিন পাওয়ার জন্য আদালতের ভুয়ো নির্দেশ দেখিয়ে দেড় কোটি টাকা নেয়। ১৯ জানুয়ারি নিউটাউন থানায় অভিযোগ করেছিলেন প্রতারিত। তারপর ধরা পড়ল তিনজন।