Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়দিন ও নিউ ইয়ারের আগে রঙিন আলোতে সাজল দীঘা

বড়দিনের আগে সোমবার থেকে রঙিন আলোয় ঝলমল করে উঠল দীঘা। সি-বিচের পাশাপাশি জগন্নাথ মন্দির ও সামনের রাস্তাজুড়ে শুধুই রঙিন আলোর রোশনাই।

বড়দিন ও নিউ ইয়ারের আগে রঙিন আলোতে সাজল দীঘা
  • ২৩ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: বড়দিনের আগে সোমবার থেকে রঙিন আলোয় ঝলমল করে উঠল দীঘা। সি-বিচের পাশাপাশি জগন্নাথ মন্দির ও সামনের রাস্তাজুড়ে শুধুই রঙিন আলোর রোশনাই। বড়দিনে কলকাতার পার্কস্ট্রিটের মতোই আলোর কেরামতি ও সৈকতজুড়ে সুরের মূর্ছনা শুরু হয়েছে। বড়দিন ও নিউ ইয়ারের প্রাক্কালে সংগীত আর আলো উপভোগ করছেন পর্যটকরা। একদিকে, সি-বিচে বাংলা গানের ঐহিত্য‌, তারসঙ্গেই বড়দিনের ক্রিসমাস ট্রি, ঘণ্টা, হরিণ, সান্তাক্লজ, বেলুন, রিবন দিয়ে সাজানো দীঘা যেন পার্কস্ট্রিটকেই চ্যালেঞ্জ ছুড়ছে। সোমবার থেকেই দীঘায় একেবারে উৎসবের পরিবেশ।

Advertisement

দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথমবার বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষ্যে সৈকত সুন্দরীকে রংবেরঙের আলোয় ভরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে এই কাজ হয়েছে। পাশাপাশি জগন্নাথ মন্দিরকেও আলোয় মোহময়ী করে তোলার সিদ্ধান্ত হয়। মন্দিরের সামনে রাস্তার মাথার উপর যেন আলোর তরঙ্গ বইছে। মন্দির চত্বরও রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে। একইভাবে সি-বিচ বরাবর সুন্দরভাবে সাজানো হয়েছে। মালিকদেরও নিজেদের হোটেলকে আলোয় সাজাতে বলা হয়েছে। সেইমতো তাঁরাও নিজেদের হোটেলকে আলোকিত করে তুলেছেন।
২৫ডিসেম্বর থেকে ১জানুয়ারি পর্যন্ত দীঘায় কয়েক লক্ষ মানুষের সমাগম হবে। সেকথা মাথায় রেখে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে জেলা পুলিশ। দীঘা বাইপাস থেকে যান চলাচলে ওয়ান ওয়ে কার্যকর করা হবে। ২৪ডিসেম্বর দুপুর থেকে ২৫ডিসেম্বর সারাদিন এভাবে ওয়ানওয়ে সিস্টেম কার্যকর থাকবে। এছাড়া, ৩১ডিসেম্বর ও ১জানুয়ারি একইভাবে ট্রাফিক ব্যবস্থায় ‘সিঙ্গল মুভমেন্ট’ থাকছে। সাধারণত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় এলে যেভাবে ট্রাফিক নিয়ম চালু থাকে সেই ব্যবস্থাই কার্যকর থাকবে।
এছাড়া ড্রোন ও সিসি ক্যামেরায় নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ইভটিজিংয়ের মতো ঘটনা রুখতে সাদা পোশাকের পুলিশও থাকবে। প্রতিটি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও পর্যটকদের নিরাপত্তা নিয়ে মিটিং করেছে পুলিশ। সাতটি জায়গায় পার্কিং জোন চিহ্নিত করা হয়েছে। সোমবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ সুপার মিতুনকুমার দে এবং অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) অতীশ বিশ্বাসের উপস্থিতিতে দীঘা গাইডম্যাপ প্রকাশ করা হয়েছে।
নিউ ইয়ার উপলক্ষ্যে দীঘায় বেশকিছু অনুষ্ঠান করবে ডিএসডিএ এবং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। তারমধ্যে ওল্ড দীঘায় বিশ্ববাংলা উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রিন বাজি প্রদর্শনী রয়েছে। বড়দিন থেকেই দীঘা জনসমুদ্রের চেহারা নেবে বলে আশাবাদী হোটেল মালিকরাও। পুলিশ সুপার বলেন, বড়দিন থেকে ১জানুয়ারি পর্যন্ত দীঘায় বিপুল মানুষের সমাগম হবে। সেজন্য আমরা বেশকিছু পদক্ষেপ নিচ্ছি। ট্রাফিক পুলিশ মোতায়েনের পাশাপাশি নজরদারিও বাড়ানো হবে। অন্তত ৮০টি জায়গায় মন্দির, ঘাট সহ গুরুত্বপূর্ণ জায়গায় দিক-নির্দেশক বোর্ড লাগানো হয়েছে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ