অকেজো ৪টি অ্যাম্বুলেন্সের ডিজেল খরচ ৫০ লক্ষ টাকা, ফরিদাবাদের সরকারি হাসপাতালে শুরু তদন্ত
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফরিদাবাদ: মাসের পর মাস ধরে অকেজো অবস্থায় পড়ে চারটি অ্যাম্বুলেন্স। অথচ সেগুলির জন্য বরাদ্দ জ্বালানির কার্ড ব্যবহার করে নিয়মিত কেনা হয়েছে ডিজেল। তাতে খরচ হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। সম্প্রতি এমনই গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে ফরিদাবাদের বি কে সিভিল হাসপাতালে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে স্বাস্থ্যদপ্তর।

Advertisement

সম্প্রতি ফুয়েল কার্ডের লেনদেন খতিয়ে দেখার সময় বিষয়টি নজরে আসে। এরপর গত ১৬ অক্টোবর রিজিওনাল ট্রান্সপোর্ট সার্ভিস (আরটিএস)-এর ফ্লিট ম্যানেজারকে শো-কজ নোটিস পাঠান ফরিদাবাদের ডেপুটি সিভিল সার্জন (এনএইচএম)। ওই নোটিসে জ্বালানি কেনার যাবতীয় লেনদেনের হিসাব এবং এর সঙ্গে যুক্ত কর্মীদের নাম জানতে চাওয়া হয়েছে। নোটিস অনুযায়ী, দু’টি অ্যাম্বুলেন্স তিন থেকে চার মাস ধরে হাসপাতালের মর্গের কাছে পড়ে রয়েছে। তা সত্ত্বেও গত ১১ অক্টোবর পর্যন্ত ওই দু’টি গাড়ির ফুয়েল কার্ড ব্যবহার করে ডিজেল তোলা হয়েছে। অন্য দু’টি অ্যাম্বুলেন্স, যথাক্রমে জানুয়ারি ও আগস্ট মাস থেকে সংশ্লিষ্ট সংস্থার ওয়ার্কশপে পড়ে রয়েছে। কিন্তু সেগুলির ফুয়েল কার্ডেও যথাক্রমে ১৬ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর পর্যন্ত জ্বালানি ভরার তথ্য মিলেছে। ফরিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) জয়ন্ত আহুজা ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।