Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

কুম্ভে ১৩ হাজার ট্রেন কি আদৌ চলেছে, আরটিআইয়ে জবাব না মেলায় জল্পনা

কুম্ভে ১৩ হাজার ট্রেন কি আদৌ চলেছে, আরটিআইয়ে জবাব না মেলায় জল্পনা
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: কুম্ভগামী হাজার হাজার ট্রেনের সংখ্যা নিয়েও কি এবার ‘জুমলা’ মোদি সরকারের? গত জানুয়ারি মাসেই রেল বোর্ড ঘোষণা করেছিল যে, মহাকুম্ভ চলাকালীন পুণ্যার্থীদের কথা মাথায় রেখে ৪৬ দিন ধরে প্রয়াগরাজগামী ১৩ হাজারেরও বেশি ট্রেন চালানো হবে। এর মধ্যে স্পেশাল ট্রেনই চলবে প্রায় তিন হাজার। অথচ সম্প্রতি এক আরটিআইয়ের জবাবে এই সংক্রান্ত সুনির্দিষ্ট পরিসংখ্যান দিতেই পারল না রেলমন্ত্রক। পরিবর্তে বলা হয়েছে যে, নির্দিষ্ট করে প্রশ্নের জবাব পেতে রেলওয়ে জোনগুলির কাছে আলাদাভাবে আরটিআই করতে হবে আবেদনকারীকেই। তাহলে উত্তর মিলতে পারে। কারণ এই সংক্রান্ত পরিসংখ্যান থাকার কথা রেলের জোনগুলির কাছেই। রেলমন্ত্রকের এহেন আরটিআই জবাব থেকেই স্পষ্ট, প্রয়াগরাজগামী কুম্ভ স্পেশাল ট্রেন নিয়ে রেল বোর্ডের কাছে কোনও সুনির্দিষ্ট খতিয়ান নেই। 

Advertisement

সঙ্গতভাবেই প্রশ্ন উঠছে, তথ্য যদি নাই থাকে, তাহলে ইতিপূর্বে কীসের ভিত্তিতে ১৩ হাজার প্রয়াগরাজগামী ট্রেনের উল্লেখ করেছিল রেল বোর্ড? চমকের পথে হাঁটতে গিয়ে শুধুই কি বিভ্রান্তিমূলক ঘোষণা করা হয়েছিল? মহাকুম্ভ চলাকালীন একাধিকবার ভারতীয় রেলের অব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সাধারণ যাত্রীদের একটি অংশ। এই ‘অব্যবস্থা’র জেরে সবথেকে বড় বিপর্যয় ঘটে গত ১৫ ফেব্রুয়ারি ‘হাই প্রোফাইল’ নিউদিল্লি স্টেশনে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৮ জনের। নিহতদের একটি বড় অংশই ছিলেন মহাকুম্ভের পুণ্যার্থী। রেল অবশ্য বারবার যুক্তি দিয়েছে যে, অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত স্পেশাল ট্রেন চালানো হয়েছে। এমনকী নিজেদের দাবির সত্যতা প্রমাণ করতে একের পর মহাকুম্ভ সংক্রান্ত বুলেটিনও প্রকাশ করেছে রেলমন্ত্রক। সেখানে প্রতিদিন কত শত কুম্ভগামী স্পেশাল ট্রেন চালানো হয়েছে, সেই হিসেব ছিল। ফলে আরটিআইয়ের জবাবের পর প্রশ্ন উঠছে, তাহলে কেন এক্ষেত্রে স্পষ্ট জবাব না দিয়ে বল ঠেলে দেওয়া হল রেলওয়ে জোনগুলির কোর্টেই? 
২০২৫ সালের মহাকুম্ভগামী ট্রেন সম্পর্কে জানতে তথ্য জানার অধিকার (আরটিআই) আইনে আবেদন করেছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌড়। গত ১০ মার্চ রেল বোর্ডের কাছ থেকে জবাব পেয়েছেন তিনি। প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি রেলমন্ত্রক একটি বিবৃতি জারি করে জানিয়েছিল, মহাকুম্ভের জন্য ১৩ হাজার ১০০টিরও বেশি ট্রেন চালানো হবে। এর মধ্যে ১০ হাজারেরও বেশি রেগুলার ট্রেন থাকবে এবং ৩ হাজার ১০০টিরও বেশি স্পেশাল ট্রেন চলবে। ওইসময় রেল বোর্ড এই দাবিও করেছিল যে, ট্রেনের সংখ্যাটি গত কুম্ভের তুলনায় প্রায় সাড়ে চার গুণ বেশি। তা কি শুধুই কথার কথা ছিল? উঠছে প্রশ্ন।

Advertisement
সম্পর্কিত সংবাদ