সংবাদদাতা, নাগরাকাটা: সঙ্গিনী দখলের লড়াইয়ে দু’টি চিতাবাঘের মধ্যে একটি চিতাবাঘের মৃত্যু হল। অবিশ্বাস্য হলেও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের কুমলাই চা বাগানে। স্থারবিবার রাত ১০টার পর চা বাগানের মধ্যে দু’টি চিতাবাঘের ঘনঘন ডাক শোনা যায়। প্রায় এক ঘণ্টা সেই ডাক শুনতে পান শ্রমিকরা। রাত ১১টা নাগাদ একটি চিতাবাঘের ডাক তাঁরা শুনতে পান।
Advertisement
এরপরই সোমবার সকালে বেশ কয়েকজন শ্রমিক বোমপটকা ফাটিয়ে চা বাগানের ৫৫ ও ৫৬ নম্বর সেকশনের দিকে পাতা তুলতে যান। সেখানেই তাঁরা দেখেন একটি চিতাবাঘের নিথর দেহ পড়ে আছে। বনকর্মীরা জানিয়েছেন, একটি চিতাবাঘের গলায় গভীর ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। মাল স্কোয়াডের বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। গোরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের এডিএফও রাজীব দে বলেন, প্রাথমিক তদন্তে অনুমান দু’টি চিতাবাঘের লড়াইয়ে একটি চিতাবাঘ মারা গিয়েছে। কারণ মৃত চিতাবাঘের গলায় একটা ক্ষতচিহ্ন রয়েছে। এটা দু’টি চিতাবাঘের লড়াই হলে এমনটা হয়ে থাকে।



