Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই বিঘা জমি বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কাশিমপুরের যুবক

দুই বিঘা জমি বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কাশিমপুরের যুবক
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: জমি বিবাদের জেরে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগে উঠেছে। বুধবার চাঁচল থানার ক্ষেমপুর পঞ্চায়েতের কাশিমপুরে এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। নিহত যুবকের আরও দুই আত্মীয় গুরতর জখম অবস্থায় মালদহে একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাদ্দাম হোসেন(৩৬)। তিনি কাঁঠালপাড়ার বাসিন্দা। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনার পরে এলাকায় কড়া টহলদারি শুরু হয়েছে।
Advertisement
নিহতের পরিবারের দাবি, তাদের দুই বিঘা জমি এদিন দুষ্কৃতীরা দখল করতে আসে। সাদ্দাম কয়েকজনকে নিয়ে দখলদারদের বাধা দিতে যান। এতেই জমিতে সংঘর্ষ শুরু হয়। সাদ্দামকে এলোপাথাড়িভাবে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। আরও দু›জনের অবস্থা আশঙ্কাজন। নিহতের স্ত্রী সীমা বিবির অভিযোগ, আমাদের দুই বিঘা চাষের জমি দুষ্কৃতীরা দখল করতে এসেছিল। স্বামী শুনেই ছুটে যান। কিছুক্ষণ পর খবর আসে, দুষ্কৃতীরা আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে। আমার দুটো মেয়ে আছে। ওদের নিয়ে কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না। খুনিদের পুলিস গ্রেপ্তার করুক। দোষীদের শাস্তি চাই।
এলাকাটি মালতীপুর বিধানসভায় পড়ে। সেখানকার বিধায়ক আব্দুররহিম বক্সি বলেন, এভাবে অশান্তি করে এলাকার পরিবেশ নষ্ট করা হচ্ছে। পুলিস যাতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, সেটাই চাইব। নিহতের ভাই মাসিদুর রহমান বলেন, দুই বিঘা জমি বিজলি গ্রামের কিছু মানুষ দখল করছিল। দাদা শুনেই দু’জনকে নিয়ে দখলে বাধা দিতে যান। সেখানেই পিটিয়ে খুন করা হয়। কারা মারল জানি না। পুলিস তাদের শনাক্ত করুক। চাঁচল থানার এক আধিকারিক বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিস পিকেটিং করছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ