সংবাদদাতা, জঙ্গিপুর: বুধবার সকালেই কলকাতার পার্কস্ট্রিট থানার পুলিসের হাতে গ্রেপ্তার হন নিউ ফরাক্কা হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি অরুণময় দাস। রাতেই তাঁকে ফরাক্কা থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। তাঁর বিরুদ্ধে স্কুলের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই তিনি গা ঢাকা দিয়ে ছিলেন। অভিযুক্তের সাতদিনের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক। এই নিয়ে পাঁচ অভিযুক্তের মধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হলেও পলাতক রয়েছেন আরও তিন অভিযুক্ত শিক্ষক। জঙ্গিপুর মহকুমা আদালতের এপিপি রাতুল বন্দ্যোপাধ্যায় বলেন, অভিযুক্তের বিরুদ্ধে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ রয়েছে। বিচারক আগামী সোমবার পর্যন্ত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
Advertisement
প্রায় সপ্তাহে দু’য়েক আগে নিউ ফরাক্কা হাইস্কুলে নতুন শিক্ষা বর্ষের রুটিন নিয়ে সমস্যা দেখা দেয়। নতুন রুটিনে একাংশের শিক্ষক আপত্তি তোলেন। তা নিয়েই অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং ডাকা হয়। মিটিং চলাকালীন প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের মতানৈক্যের সৃষ্টি হয়। তা নিয়ে মারপিট শুরু হয়ে যায়।



