ডিএইচআরের উদ্যোগে শীতকালীন ঘুম উৎসব শুরু হবে ২৮ নভেম্বর
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: পাহাড়ের ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে ২৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ডিএইচআর ঘুম শীতকালীন উৎসব-২০২৬। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) উদ্যোগে আয়োজিত এই উৎসবে এবারে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রোবোটিক্স কর্মশালা, চলচ্চিত্র উৎসব, সাহিত্য সভা এবং হেরিটেজ রান। এবছর ডিএইচআরের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতির ২৭ বছর পূর্তিকে কেন্দ্র করেই এই উৎসবকে জাঁকজমক করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান ডিএইচআর ডিরেক্টর ঋষভ চৌধুরী।

Advertisement

ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, ২৮ নভেম্বর ঘুম রেলস্টেশনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। পরদিন ২৯ নভেম্বর একই জায়গায় আয়োজিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান ও স্টেশন মহোৎসব। পাহাড়ের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় অবদান রাখা বিশিষ্ট ব্যক্তি, স্থানীয় অবদানকারী এবং সমাজকর্মীদের সম্মানিত করা হবে।
৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সুকনা রেলস্টেশনে একটি সংস্থার সহযোগিতায় তিন দিনের রোবোটিক্স কর্মশালার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ১ ডিসেম্বর শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত বিশেষ টয়ট্রেন সফরের ব্যবস্থা থাকছে। ওই দিনই আয়োজিত হবে বিশেষ ফ্যাম ট্যুর।
২ ডিসেম্বর ঘুম ওপেন এয়ার মিউজিয়ামে দার্জিলিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিএইচআর হেরিটেজ বিভাগে বিশেষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৩ ডিসেম্বর চলন্ত হেরিটেজ ট্রেনে কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত বিশেষ এআই উদ্ভাবনী কর্মসূচি হবে। সেখানে পড়ুয়ারা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পাহাড়ের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার উদ্যোগ নেবে।
৪ ডিসেম্বর থাকবে সাহিত্য উৎসব। ৫ ডিসেম্বর কার্শিয়াংয়ে আয়োজিত হবে হেরিটেজ রান এবং ঐতিহাসিক স্টিম ইঞ্জিনের পাশে ফ্ল্যাট ওয়াগনে বিশেষ উন্মুক্ত ট্রেন সফর। ৬ ডিসেম্বর দার্জিলিংয়ের চৌরাস্তায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উৎসবের সমাপ্তি হবে।
ডিএইচআর কর্তৃপক্ষের আশা, এই উৎসবের মাধ্যমে পাহাড়ের ঐতিহ্যবাহী রেলপথের ইতিহাস ও সংস্কৃতির পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবনের আগ্রহও বাড়বে। সেইসঙ্গে আরও জনপ্রিয় হবে টয় ট্রেন। বিশ্বব্যাপী টয়ট্রেনকে জনপ্রিয় করার লক্ষ্যেই চালু হয়েছিল এই ঘুম উৎসব।