Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ধারের টাকা উদ্ধারে আমহার্স্ট  স্ট্রিটে অপহৃত প্রবীণ, ধৃত ৫

ধারের টাকা উদ্ধারে আমহার্স্ট  স্ট্রিটে অপহৃত প্রবীণ, ধৃত ৫
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাওনা টাকা আদায় করতে ছেলেকে না পেয়ে অপহরণ করা হলো বাবাকে। ঘটনাটি ঘটেছে আমহার্স্ট স্ট্রিট এলাকায়। অভিযুক্তদের মোবাইল ফোনের সূত্র ধরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতরা এর আগে কাউকে অপহরণ করেছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বিহারের বাসিন্দা যোগিন্দার সিং (৬০)  মাঝে মধ্যে কলকাতায় আসেন। তাঁর ছেলের ব্যবসাও রয়েছে কলকাতায়। কলকাতায় এলে যোগিন্দারবাবু আমহার্স্ট স্ট্রিট এলাকায় থাকেন। তাঁর ছেলের সঙ্গে অভিযুক্তদের ব্যবসায়িক লেনদেন রয়েছে। যোগিন্দারের ছেলের কাছ থেকে তাদের আট লক্ষ টাকা পাওনা ছিল। কিন্তু টাকা দিচ্ছিলেন না ওই ব্যবসায়ী। অভিযুক্তরা বারবার ফোন করলেও, তিনি বিষয়টি পাত্তা দেননি। তারা জানত ব্যবসায়ী বাবা মাঝেমধ্যে কলকাতায় আসেন। তাঁর ছেলে অনেকদিন ধরেই শহরে আসছেন না। এরপরই অভিযুক্তরা ৩১ জানুয়ারি ব্যবসায়ীর বাড়িতে হাজির হয়। তখন সেখানে ছিলেন যোগিন্দার। ছেলেকে না পেয়ে বাবাকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। তাঁকে কড়েয়া এলাকায় আটকে রাখা হয়। এরপর যোগিন্দারের ছেলেকে ফোন করে টাকা দাবি করতে থাকে অভিযুক্তরা। বাবাকে অপহরণের খবর শুনেই তিনি আমহার্স্ট স্ট্রিট থানায় ফোন করেন। সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করেন অফিসাররা।  মোবাইলের সূত্র ধরে জানা যায়, যোগিন্দারকে আটকে রাখা হয়েছে কড়েয়া এলাকায়। সেখানে পৌঁছে তাঁকে ১ ফেব্রুয়ারি উদ্ধার করে। এরপরই পুলিস তল্লাশি চালিয়ে কড়েয়া বেনিয়াপুকুর এলাকা থেকে অপহরণে অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ