সংবাদদাতা, তারকেশ্বর: মাঘ মাসের পূর্ণিমায় অকাল রথযাত্রা দেখতে বহু মানুষের ভিড় হয় ধনেখালি ব্লকের সমোসপুর-২ পঞ্চায়েতের কাঁকড়াখুলি গ্রামে। এই গ্রামেই রয়েছে প্রাচীন টেরাকোটার মন্দির। বহু পুরনো এই রথযাত্রা উৎসব এক সময়ে ছিল সকলের মিলনক্ষেত্র। অর্থ এবং উপযুক্ত পরিকাঠামোর অভাবের জন্য মাঝে বন্ধ ছিল এই অনুষ্ঠান। প্রায় ৭০ বছর পর, ২০২০ সালে গ্রামবাসীদের উদ্যোগে ফের শুরু হয় এই উৎসব। মাঘী পূর্ণিমায় তেগাছিয়া ভবানীপুর থেকে রথযাত্রার সূচনা হয়। রথ গিয়ে থাকে কাঁকড়াখুলি হরিসভাতে। মাঘী পূর্ণিমার ঠিক সাত দিন পর উল্টো রথযাত্রা পালিত হয়। এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবের চেহারা নেয় এলাকা। সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, অঙ্কন, সঙ্গীত প্রতিযোগিতা, স্বাস্থ্যপরীক্ষা শিবির হয়। এছাড়া মেলায় বসে বিভিন্ন রকম মুখরোচক খাদ্যসামগ্রীর দোকান। উৎসব কমিটির সম্পাদক বিশ্বজিৎ ঘোষ জানান, দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় করে এই অনুষ্ঠানে। রাধাকৃষ্ণের স্থায়ী মূর্তিতে নিত্যপুজো হয়। প্রতি পূর্ণিমায় বিশেষ পুজোর ব্যবস্থা রয়েছে।



