নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ধান সিদ্ধ করতে গিয়ে বয়লার মেশিন ফেটে গুরুতর জখম হলেন চারজন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামে। এলাকার বাসিন্দা পলাশ কয়াল ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ধান সিদ্ধ করার কাজ করছিলেন। তখনই এই দুর্ঘটনা ঘটে। বয়লারের গরম জল ছিটকে পড়ে তাঁদের শরীরে ও চোখে-মুখে। তাতেই ঝলসে গিয়ে গুরুতর জখম হন ঘটনাস্থলে থাকা চারজন। তাঁদের মধ্যে দুই মহিলাও রয়েছেন। আহতদের মধ্যে পল্লবী কয়াল নামে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ক্যানিং মহকুমা হাসপাতলে ভর্তি। এই ঘটনায় গুরুতর জখম ভরত কয়াল জানান, ধান সিদ্ধ করার জন্য পরিবারের পাঁচজন সদস্য কাজ করছিলাম। তখন হঠাৎ করে মেশিন ফেটে যায়। অতিরিক্ত গরম জল থাকার কারণেই হয়তো এমনটা হয়েছে।



