মুম্বই, ৩ নভেম্বর: ৫৯তম জন্মদিনে অনুরাগীদের বড় খবর দিলেন শাহরুখ খান। গতকাল, শনিবার তিনি জানিয়ে দিলেন আর ধূমপান করবেন না। কোটি কোটি তরুণীর হৃদয়ে ঝড় তোলা রোমান্স কিং শাহরুখের সিগারেট প্রেমের কথা সর্বজনবিদিত। চেইনস স্মোকার হিসেবে কিঞ্চিত ‘দুর্নাম’ও রয়েছে তাঁর। আর এই প্রেমের কারণেই স্থান-কাল-পাত্র কোনও কিছুকেই তোয়াক্কা করতেন না বলিউডের বাদশা। এ নিয়ে বিতর্কেও কম জড়াননি তিনি। একটা সময়ে তিনি নাকি দিনে ১০০টারও বেশি সিগারেট খেতেন। সে কথা নিজে মুখেই একবার স্বীকার করেছিলেন কিং খান। কিন্তু গতকাল নিজের ৫৯তম জন্মদিনে ধূমপান ছাড়ার কথা ঘোষণা করে আরও একবার ফ্যানেদের মন জয় করে নিলেন বাজিগর। জন্মদিনে ফ্যানদের সাক্ষী রেখে শাহরুখ জানিয়েছেন, তিনি আর ধূমপান করছেন না। জানান, প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। তবে সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে। কাজের কথা বলতে গেলে শাহরুখ আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি ‘কিং’এর শ্যুটিং নিয়ে। সুজয় ঘোষের পরিচালনায় শাহরুখ কন্যা সুহানাকেও দেখা যাবে এই ছবিতে অভিনয় করতে। ‘কিং’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিষেক বচ্চনকে।



