সংবাদদাতা, নকশালবাড়ি: বুধবার নকশালবাড়ির কেটুগাবুরে রাস্তার কাজের সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। উপস্থিত ছিলেন মণিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ সহ অন্যরা। পরিষদ সূত্রে জানা গিয়েছে, অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের প্রায় ৩০ লক্ষ টাকা বরাদ্দে এলাকায় দেড় কিমি পিচের রাস্তা নির্মাণ করা হবে। বিশ্বের অন্যতম ক্ষুদ্র জনজাতি ধীমাল জনগোষ্ঠীর মুখপাত্র গর্জন মল্লিক বলেন, দীর্ঘদিনের দাবির পর আমরা রাস্তা পেতে চলেছি। রাজ্য সরকার আমাদের জাতির ঐতিহ্য রক্ষা করতে মিউজিয়াম তৈরি করে দিয়েছে। তবে সেখানে যাওয়ার রাস্তাটি বেহাল। এতে জেলা, রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গবেষক, ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হয়। পরিষদের সভাধিপতি বলেন, গ্রামটি সীমান্ত এলাকায়। লুপ্তপ্রায় জনজাতি ধীমালদের বসবাস এখানে। এই সংসদের বিজেপির পঞ্চায়েত সদস্য পদত্যাগ করার পর এলাকাটি অভিভাবকহীন হয়ে পড়ে। গ্রাম পঞ্চায়েতের প্রধান সংসদটি দত্তক নেন। এজন্য আমরা এলাকাটিকে বিশেষ নজর দিয়েছি। ইতিমধ্যেই ৩ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে হাড়িয়া মোড় থেকে সুরজবর পর্যন্ত প্রায় পাঁচ কিমি রাস্তা বানিয়ে দিয়েছি।



